
বলিউডে বেশ কিছুদিন ধরেই অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে এক রহস্যময়ী নারীর সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, তিনি হৃতিকের কথিত প্রেমিকা। ইতিমধ্যে সেই নারীর পরিচয় মিলেছে। তিনি অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদ।
কিছুদিন আগেই হৃতিক ও সাবাকে রাতের খাবার শেষে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। তখন তাঁরা পরস্পর হাত ধরে ছিলেন। আর এই খবর দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। তার পর থেকেই তাঁদের নিয়ে নানা জল্পনাকল্পনার শুরু। যদিও হৃতিক ও সাবা কেউই তাঁদের সম্পর্কের ব্যাপারে কিছু বলেননি।
সাবা আজাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু তথ্য জানা গেছে। বলিউডের নামকরা অভিনেতা নাসিরুদ্দিন শাহর বড় ছেলে ইমাদের সঙ্গে সাবার সম্পর্ক ছিল। ইমাদ নিজে একটি স্থানীয় সংবাদপত্রকে সাক্ষাৎকারে সাবার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা খোলাসা করেছিলেন। ওই সাক্ষাৎকার অনুযায়ী, ইমাদ আর সাবা ২০১৩ সাল থেকে প্রেম করছিলেন। এমনকি ২০২০ সাল পর্যন্ত তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তাঁরা নাকি ৭ বছর একসঙ্গে থেকেছেনও। তারপর অজ্ঞাত এক কারণে ইমাদ আর সাবার মধ্যে সম্পর্ক ভেঙে যায়।
এদিকে জানা গেছে, হৃতিক কথিত প্রেমিকা সাবার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক একেবারেই গোপন রাখতে চান। স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও হৃতিকের সঙ্গে জড়িয়ে এত দিন কারও নাম শোনা যায়নি। বরং হৃতিক আর সুজানের বন্ধুত্বের ছবি অনলাইনে হরহামেশাই দেখা গেছে। দুই ছেলেকে নিয়ে এই সাবেক দম্পতিকে একসঙ্গে ছুটি কাটাতে কিংবা রেস্তোরাঁতেও দেখা গেছে। বিবাহবিচ্ছেদের পরে এই প্রথম হৃতিকের সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক নিয়ে বিটাউনে জোর আলোচনা। তবে সাবার সঙ্গে তাঁর আদৌ প্রেমের সম্পর্ক আছে কি না, তা সময় বলে দেবে।