
অমিতাভ বচ্চনের প্রাণশক্তির তারিফ করতে হবে। দুই মাস পরেই ৭৫ পূর্ণ করবেন এই তারকা। অথচ এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড পাড়া। কখনো আইনজীবীর চরিত্রে তুখোড় তর্ক করে জিতে নিচ্ছেন মামলা। কখনো করছেন ১০২ বছরের বৃদ্ধের চরিত্র। এবার তাঁকে দেখা যাবে ফুটবল মাঠে।
ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় বারসেকে নিয়ে একটি বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। এটি নির্মাণ করছেন জনপ্রিয় মারাঠি পরিচালক নাগরাজ মাঞ্জুলি। আর বিজয় বারসের চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। পুনের প্রবীণ এই শিক্ষক ফুটবল খেলার মাধ্যমে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিশুর জীবনে পরিবর্তন এনেছেন। তিনি শুধু ফুটবলের প্রশিক্ষণই দিচ্ছেন না, তিনি দরিদ্র পরিবারের ছোট ছেলেমেয়েদের কাছে শিক্ষার আলোও পৌঁছে দিচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছবির নির্মাতা নাগরাজ জানান, ছোটবেলা থেকেই তিনি ‘বিগ-বি’র অন্ধভক্ত। এ অভিনেতার ‘শোলে’ ছবিটি নাকি তাঁকে বেশ অনুপ্রাণিত করেছিল। নাগরাজের ইচ্ছা ছিল যে তিনি পরিচালক হলে ‘শোলে’ ছবির কিছু দৃশ্য তাঁর পরিচালিত ছবিতে রাখবেন। তবে, অমিতাভকে নিয়ে নাগরাজের নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
মুক্তির অপেক্ষায় আছে অমিতাভের আরেকটি ছবি ‘১০২ নট আউট’। সেখানে ১০২ বছর বয়সী এক বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ঋষি কাপুর অভিনয় করেছেন সেই বাবার ৭৫ বছর বয়সী ছেলের ভূমিকায়।