একসময়ে হিন্দি ছবির দুনিয়ায় রীতিমতো রাজত্ব করতেন কারিশমা কাপুর। তবে দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দা থেকে দূরে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং কাজের প্রতি তাঁর আবেগ নিয়ে অনেক কথা বলেছেন এই বলিউড অভিনেত্রী। জানিয়েছেন, এখন তিনি কী ধরনের প্রকল্প করতে চান।
সাক্ষাৎকারে কারিশমা কাপুর বলেছেন, কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিকে কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি এবং বাণিজ্যিক ব্লকবাস্টার থেকে পরীক্ষামূলক সিনেমা—সব ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এখন সব জায়গায় উপস্থিত থাকার বদলে আমি সেই প্রজেক্টগুলো বেছে নিই, যেগুলো আমার মন ছুঁয়ে যায়।’
কারিশমা বলেন, ‘আগে এক সেট থেকে আরেক সেটে যাওয়ার কারণে খুব দৌড়ঝাঁপ করতে হতো। এখন আমি সময়কে বেশি গুরুত্ব দিই। ভেবেচিন্তে প্রজেক্ট বেছে নিই। চাই প্রতিটি প্রজেক্টের জন্য দেওয়া সময় অর্থবহ হোক। পাশাপাশি পরিবারকেও যেন যথেষ্ট সময় দিতে পারি। চিত্রনাট্য গুরুত্বপূর্ণ, তবে এর সঙ্গে যুক্ত মানুষ এবং গল্পের পেছনের উদ্দেশ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
বড় পর্দার প্রতি টান
দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও আজও এর প্রতি এক বিশেষ টান অনুভব করেন কারিশমা, ‘বড় পর্দার নিজস্ব এক জাদু আছে। এখান থেকেই আমার অভিনয় যাত্রা শুরু করেছি। এটি সব সময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে। তবে ওটিটি প্ল্যাটফর্মগুলোর গল্প বলার ধরনও পছন্দ করি। ওটিটির কারণে বিনোদন–দুনিয়ায় বদল এসেছে। ওয়েব প্ল্যাটফর্মগুলো জটিল এবং গভীর গল্প নিয়ে আসছে, অভিনয়শিল্পীদের বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ দিচ্ছে। আমার মতো একজনের জন্য এটি একটি দুর্দান্ত ক্ষেত্র। তবে আমি বড় পর্দাকে কখনো ছাড়ব না।’
নতুন সিরিজ ‘ব্রাউন’ দিয়ে এখন আলোচনায় কারিশমা। সাইকোলজিক্যাল থ্রিলারটি জি–৫–এ মুক্তি পেয়েছে ৫ জুন। সাত পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অভয় দেও। এতে কলকাতা পুলিশের গোয়েন্দা রীতা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সমালোচকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে সিরিজটি, কথা হচ্ছে কারিশমার অভিনয় নিয়েও। কারিশমা ছাড়া এতে আরও আছেন সূর্য শর্মা, সোনি রাজদান ও যীশু সেনগুপ্ত।