সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজব। মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শক্তি কাপুর নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা জানালেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় এই অভিনেতা আর নেই। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ। এরপরই নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেন শক্তি কাপুর।
ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন। আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।’
ভিডিওতে শান্ত থাকলেও এমন গুজবে যে তিনি বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের মিথ্যা খবর শুধু একজন শিল্পীর জন্যই নয়, তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্যও ভীষণ কষ্টদায়ক হতে পারে।
শুধু গুজব খণ্ডনেই থেমে থাকেননি শক্তি কাপুর। তিনি জানিয়েছেন, যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যম কখনোই এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর জায়গা হতে পারে না।
ভিডিও প্রকাশের পরপরই ভক্তরা স্বস্তি প্রকাশ করেন। অনেকে মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং ভুয়া খবর ছড়ানোর প্রবণতার সমালোচনাও করেন।
হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ শক্তি কাপুর। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে কৌতুক ও খলচরিত্র—দুই ধরনের অভিনয় দিয়েই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। কাদের খান ও আসরনির তাঁর জুটি ছিল দর্শকপ্রিয়। তিনজন একসঙ্গে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
সম্প্রতি ‘মেরে হাসব্যান্ড কী বিবি’ সিনেমায় দেখা গেছে শক্তি কাপুরকে। সেখানে তাঁর অভিনয় আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে