
বলিউড তারকা অক্ষয় কুমার ‘রক্ষাবন্ধন’ সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন কলকাতায়, উপস্থিত সাংবাদিকদের নমস্কার জানিয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ অক্ষয়ের সঙ্গ কলকাতার সম্পর্ক বেশ পুরোনো, আশির দশকে জীবিকার তাগিদে কলকাতার নিউমার্কেট এলাকায় দুই বছর কাজ করেছেন অক্ষয়, ফলে বাঙালি রীতির সঙ্গে বাংলা ভাষাটাও তাঁর চেনা। চার দশক আগে কলকাতা ছাড়লেও টুকটাক বাংলা শব্দ এখনো মনে রেখেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলকাতা নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অক্ষয় কুমার, নিউমার্কেটের পাশে কলকাতার ঐতিহ্যবাহী সিনেমা হল গ্লোব সিনেমা হলে বহুবার সিনেমা দেখেছেন তিনি। এবার কলকাতায় এসে যখন শুনলেন, স্মৃতিময় সেই সিনেমা হল বছর পাঁচেক আগে ভেঙে ফেলা হয়েছে, তখন মন খারাপের কথা জানালেন ‘খিলাড়ি’ অভিনেতা।
কলকাতায় থাকাকালে অনিল পাঞ্জাবি নামে একজনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল অক্ষয়ের, তবে সেই বন্ধুর সঙ্গে আর যোগাযোগ নেই।
সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সোজা দক্ষিণ কলকাতায় চলে যান অক্ষয়, তাঁর সঙ্গে ছিলেন ‘রক্ষাবন্ধন’ সিনেমায় তাঁর বোনের চরিত্রের অভিনয়শিল্পী ভূমি পেডনেকার, সাদিয়া খাতিব, শাহেজামীন কৌর ও দীপিকা খান্না। বোনদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে অক্ষয় কুমার লিখেছেন, ‘বোনদের নিয়ে কলকাতা দর্শন করে গেলাম। ’
পণপ্রথা নিয়ে এক ভাই ও তাঁর চার বোনের গল্প নিয়ে নির্মিত ‘রক্ষাবন্ধন’ সিনেমাটি ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। কমেডি ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন আনন্দ এল রাই। এর আগে অক্ষয়ের ‘বচ্চন পন্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।