হুমা কুরেশি ও আসিফ কুরেশি
হুমা কুরেশি ও আসিফ কুরেশি

পার্কিং নিয়ে তর্ক, খুন হলেন বলিউড নায়িকার ভাই

পার্কিং নিয়ে তর্ককে কেন্দ্র করে খুন হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। দিল্লির নিজামউদ্দিন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসিফের বাড়ির গেটের সামনে একটি স্কুটার পার্ক করছিলেন প্রতিবেশী এক যুবক। সেখানে গাড়িটি পার্ক না করতে অনুরোধ করেন আসিফ। এরপর দুজন তর্কে জড়ান। মুহূর্তেই ওই ব্যক্তি ও তাঁর ভাই মিলে আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হুমা কুরেশি

ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আসিফের বাড়ির কাছেই বসবাস করতেন।

আসিফের স্ত্রী সংবাদমাধ্যমে বলেন, ‘বাড়ির সামনে স্কুটার পার্ক করা নিয়ে তর্ক হয়, এরপর দুই ভাই এসে আসিফকে ছুরিকাঘাত করেন।’
ঘটনার বর্ণনায়, হুমা কুরেশির বাবা ও আসিফের চাচা সেলিম কুরেশি বলেন, ‘দুই ব্যক্তি বাড়ির সামনে একটি স্কুটার পার্ক করেছিলেন। সেখানে গাড়ি না রাখতে আসিফ তাঁদের অনুরোধ করে। এ নিয়ে কথা–কাটাকাটির পর বিষয়টি হাতাহাতিতে পরিণত হয়। তাঁরা দুজনে মিলে আমার ভাতিজাকে হত্যা করেছেন।’
দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। তদন্ত এখনো চলছে।
এ ঘটনায় এখনো বলিউড অভিনেত্রী হুমা কুরেশির কোনো মন্তব্য পাওয়া যায়নি।