ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের (সিবিএফসি) সাবেক চেয়ারম্যান এবং বলিউডের পরিচিত প্রযোজক পাহলাজ নিহালানি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বিভিন্ন খবরে বলা হয়েছে, যকৃত-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি।
হিন্দি চলচ্চিত্র জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন পাহলাজ নিহালানি। প্রযোজক হিসেবে দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে তিনি একাধিক জনপ্রিয় বাণিজ্যিক ছবির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রযোজিত ছবির তালিকায় আছে ‘আঁখে’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’ ও ‘জুলি ২’।
চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিহালানি। ২০১৫ সালে তিনি সিবিএফসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে চলচ্চিত্র সেন্সরশিপ ও ছাড়পত্র–সংক্রান্ত নানা সিদ্ধান্তের কারণে বারবার আলোচনায় আসেন তিনি।
তাঁর নেতৃত্বে সেন্সর বোর্ডের বেশ কয়েকটি সিদ্ধান্ত চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সমালোচকদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। চলচ্চিত্রে কাটছাঁট, ভাষা ও দৃশ্যের উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এ কারণে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিবিএফসি চেয়ারম্যানদের একজন হিসেবে পরিচিতি পান তিনি।
তবে বিতর্কের বাইরে ভারতীয় চলচ্চিত্রশিল্পে তাঁর অবদানও কম নয়। বাণিজ্যিক ধারার হিন্দি ছবির প্রযোজক হিসেবে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন এবং বিভিন্ন ঘরানার চলচ্চিত্র নির্মাণে যুক্ত থেকে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
পাহলাজ নিহালানির মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান এবং সেন্সর বোর্ডে দায়িত্ব পালনের সময়কার নানা বিতর্ক তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।