এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়, এমন দাবি করে বিচ্ছেদের আবেদন করেছেন তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যেই আদালতে নতুন এক আবেদন করেছেন তিনি। বিচ্ছেদের আগপর্যন্ত বিজয়ের বর্তমান বাড়িতে থাকতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
সংগীতার আবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং চেন্নাইতে তাঁর অন্য কোনো সুবিধাজনক বাসস্থান নেই। তাই আদালত যেন তাঁকে বর্তমান বাড়িতেই থাকার অনুমতি দেন।
সংগীতা ইতিমধ্যেই আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন, সঙ্গে বিচ্ছেদের আগপর্যন্ত এ বাড়িতে থাকার অধিকার এবং স্থায়ী খোরপোশের দাবিও তুলেছিলেন।
সংগীতার আইনজীবী জানিয়েছেন, পেশাদারি ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পারস্পরিক সম্মতিতে মর্যাদাপূর্ণ বিচ্ছেদের প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, বিজয়ের আইনজীবী জানিয়েছিলেন, যদি সংগীতা আদালতের কাছে বিচ্ছেদের জন্য যান, তাহলে তাঁকে এ বাড়িতে থাকতে দেওয়া হবে না।
সংগীতা দাবি করেছেন, এ মুহূর্তে অন্য কোনো বাসস্থান তাঁদের পরিবারের মর্যাদার সঙ্গে মিলছে না। তাই আদালত যেন বিচ্ছেদ সম্পন্ন না হওয়া পর্যন্ত বা বিজয় সমতুল্য বাসস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত তাকে এ বাড়িতে থাকার অনুমতি দেন।
এদিকে বিচ্ছেদের আলোচনার মধ্যে সম্প্রতি এক বিয়ের আয়োজনে একসঙ্গে দেখা যায় বিজয় ও দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে, যা তাঁদের সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জন উসকে দিয়েছে।
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সংগীতার বিয়ে হয়। সংগীতা শ্রীলঙ্কান তামিল এবং লন্ডনভিত্তিক এক উদ্যোক্তার কন্যা। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সংসারে তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে জেসন সঞ্জয় শিগগিরই তামিল সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
এনডিটিভি অবলম্বনে