অমিতাভের ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে চিঠি লিখলেন দর্শক

‘সূর্যবংশম’ সিনেমার পোস্টার
‘সূর্যবংশম’ সিনেমার পোস্টার

‘সূর্যবংশম’ সিনেমায় বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমা তখন থেকেই অমিতাভের দর্শকপ্রিয় সিনেমাগুলোর একটি। বিশেষ করে ছোট পর্দার দর্শকেরা বেশ পছন্দ করেন ছবিটি। সে কারণে টিভিতে নিয়মিতই দেখানো হয় ‘সূর্যবংশম’। তবে বারবার ছবিটি দেখতে দেখতে বিরক্ত এক দর্শক চিঠি লিখেছেন একটি টেলিভিশন চ্যানেল বরাবর।

অমিতাভ বচ্চন

একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলে প্রতি সপ্তাহের রোববার প্রচারিত হয় অমিতাভ বচ্চন অভিনীত ‘সূর্যবংশম’। তাই বাধ্য হয়ে চিঠি পাঠিয়ে চ্যানেলের কাছে জানতে চাইলেন আর কতবার এই সিনেমা সম্প্রচার করবে তারা? ওই দর্শক তাঁর চিঠিতে লিখেছেন, ‘আমি জানতে চাই, আর কতবার এই ছবি সম্প্রচার করার পরিকল্পনা করেছে চ্যানেল? বারবার একই ছবির প্রদর্শন আমার মানসিক শান্তি বিঘ্নিত হলে সেই দায় কে নেবে?’ এই চিঠিতে এই দর্শক অনুরোধ করেন, তাঁর অভিযোগটির সুরাহা যাতে অগ্রাধিকারভিত্তিতে করা হয়।

‘সূর্যবংশম’–এ হীরা ঠাকুরের চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। ওই দর্শকের দাবি টিভি চ্যানেলের সৌজন্যে তিনি নিজের পরিবারের চেয়ে হীরা ঠাকুর ও তাঁর পরিবার সম্পর্কে বেশি জেনে ফেলেছেন। এমনকি স্বপ্নেও এই ছবির সংলাপ বলতে পারবেন বলে নিজের চিঠিতে দাবি করেন তিনি। তবে ওই দর্শক চিঠিতে তাঁর নাম প্রকাশ করেননি।

‘সূর্যবংশম’–এ দ্বৈত চরিত্রে দেখা যায় অমিতাভকে

সত্যনারায়ণ পরিচালিত ‘সূর্যবংশম’ সিনেমায় অমিভাভ বচ্চন ছাড়া আরও অভিনয় করেছেন জয়া সুধা, রচনা ব্যানার্জি, কাদের খান, অনুপম খের, ঈশান খাট্টর প্রমুখ।
এত দিন মুখ না খুললেও ওই দর্শকের চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেক দর্শক একই অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক জানান, তাঁরাও বারবার একই সিনেমা দেখতে দেখতে বিরক্ত। দর্শকদের অভিযোগ নিয়ে টেলিভিশন চ্যানেলের প্রতিক্রিয়া জানা যায়নি।