হলিউড তারকা জেসন মামোয়া আবারও প্রশংসায় ভাসালেন বলিউডের ‘কিং খান’কে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাহরুখ খান তাঁর চেয়ে ‘ভালো অভিনেতা এবং ভালো পারফরমার’।
নতুন ছবি ‘দ্য রেকিং ক্রু’–এর প্রচারে শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন করা হলে মোমোয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, তিনি খুবই সুদর্শন…এবং অসাধারণ একজন মানুষ।’ এরপর দুজনের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, তাঁরা একে অপরের কাজের বড় ভক্ত এবং পারস্পরিক সম্মানের জায়গা থেকেই বন্ধুত্ব গড়ে উঠেছে।
দুজন তারকার পরিচয় আরও ঘনিষ্ঠ হয় সৌদি আরবের জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে, যেখানে তাঁরা একই মঞ্চে ছিলেন এবং সঙ্গে ছিলেন জ্যাকি চান ও জঁ–ক্লদ ভ্যান ডেমের মতো তারকারা। সম্প্রতি সৌদি আরবেই আবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।
মোমোয়ার ভাষায়, ‘আমরা দুজনই একে অপরের কাজের ভক্ত। তিনি ভীষণ ভদ্র, সত্যিই একজন জেন্টলম্যান।’ এরপরই তিনি বলেন, ‘তিনি আমার চেয়ে ভালো অভিনেতা এবং ভালো পারফরমার।’ একজন হলিউড অ্যাকশন স্টারের কাছ থেকে এমন স্বীকারোক্তি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
হলিউডে মোমোয়া পরিচিত মূলত ‘গেম অব থ্রোনস’ এবং ডিসি ইউনিভার্সের সুপারহিরোর সিনেমায় অ্যাকোয়াম্যান চরিত্রে অভিনয় করে।
ইন্ডিয়া টুডে অবলম্বনে