বলিউডের রুপালি পর্দায় নতুন আলো ছড়ালেন আহান পান্ডে ও অনীত পড্ডা। মোহিত সুরির পরিচালনায় সদ্য মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক ছবি ‘সাইয়ারা’তে প্রথমবার জুটি বাঁধেন এই দুই নবাগত। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা, ভালোবাসা আর বক্স অফিসের সাফল্য—সবকিছু একসঙ্গে এসে যেন তাঁদের জীবনে উৎসবের রং ছড়িয়ে দিয়েছে। তবে এ আশাতীত সাফল্য নিয়ে আহান পান্ডের মুখে যত উচ্ছ্বাস, অনীত পড্ডার মনে ততটাই মিশ্র অনুভূতি। ২২ বছরের এই তরুণী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভালোবাসার বন্যা তাঁকে যেমন কৃতজ্ঞ করেছে, তেমনি ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে এক অজানা শঙ্কা।
বলে নেওয়া ভালো, বলিউডে একেবারেই নতুন নন অনীত। ছোটবেলা থেকেই নাচ, গান, নাটকে তাঁর ঝোঁক। পড়াশোনার পাশাপাশি মঞ্চনাটকে কাজ ও বিজ্ঞাপনে মুখ দেখানো শুরু। একাধিক জনপ্রিয় পণ্যের মডেল হিসেবে নজর কেড়েছিলেন এই নবীন। কৈশোরে কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
অভিনেত্রী ছাড়া গায়িকা, সুরকার হিসেবেও বলিউডপাড়ায় পরিচিত অনীত। বড় পর্দায় প্রথম কাজ ‘সেলাম ভেঙ্কি’তে, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। এরপর ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’তে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। শুধু অভিনয় নয়, এই সিরিজের ‘মাসুম’ গানটির কথা তাঁর কলম থেকে এসেছে। এ গানে তিনি পারফর্মও করেছেন। মূল নায়িকা হিসেবে ‘সাইয়ারা’ তাঁর প্রথম ছবি। সেখানেও বাজিমাত। মুক্তির পরপরই রাতারাতি যেন পরিচিত নাম হয়ে উঠেছেন অনীত।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সাইয়ারা’র কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে এক দীর্ঘ আবেগময় নোট লিখেছেন অনীত। সেখানে স্বীকার করেছেন, সাফল্যের এ আলো তাঁকে যতটা আনন্দ দিয়েছে, ততটাই ভীত করেছে।
অনীত লিখেছেন, ‘আমার ঘুম হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের জন্য গভীর ভালোবাসা অনুভব করি। এই উজাড় ভালোবাসা যেন আমার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বুঝে উঠতে পারছি না, কীভাবে তা ফিরিয়ে দেব। সামনে কী হবে ভেবে আমি ভয় পাচ্ছি। ভয় লাগছে, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব তো?’
অনীত আরও লেখেন, ‘আমার যা কিছু আছে, এমনকি ক্ষুদ্রতম অংশটুকুও আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। যদি তা আপনাদের হাসায়, কাঁদায় বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলেই যথেষ্ট। হয়তো সে কারণেই আমি এখানে আছি। আমি নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিখুঁত নই, তবে যা কিছু আছে, তার সবটুকু দিয়েই আপনাদের ভালোবাসব।’ অনীতের এ খোলামেলা আবেগভরা পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ তাঁকে সাহস জুগিয়েছেন, কেউবা মন্তব্য করেছেন, ‘আপনি যেভাবে অনুভূতি প্রকাশ করেছেন, তা সত্যিই অনন্য।’
আগামী দিনে অনীতকে ওয়েব সিরিজ ‘ন্যায়’-এ দেখা যাবে। নিত্যা মেহেরা ও করণ কাপাডিয়া পরিচালিত এই সিরিজে তাঁর সহশিল্পী ফাতিমা সানা শেখ। ‘সাইয়ারা’র সাফল্যের পর অনীতের কাছে নতুন এ কাজ হয়তো আরও একবার প্রমাণের সুযোগ, আর দর্শকের কাছে অপেক্ষার নতুন কারণ।
অমৃতসরে ১৪ অক্টোবর ২০০২ সালে জন্ম নেওয়া অনীত পড্ডা অল্প বয়সেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। অমৃতসরের স্প্রিং ডেল সিনিয়র স্কুল থেকে পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের জিসাস অ্যান্ড মেরি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন তিনি। সহজাত সৌন্দর্য, ছিমছাম ফ্যাশনবোধ ও সংযত ব্যক্তিত্বের জন্য তরুণদের ফ্যাশন আইকন হয়ে উঠেছেন অনীত।