নানা পাটেকর
নানা পাটেকর

মৃত্যুর কয়েক দিন আগে নানা পাটেকর বলেছিলেন, ‘কাল থাকব কি না, জানি না’

‘আমরা সবাই একদিন চলে যাব। আমি কাল থাকব কি না, জানি না।’ মৃত্যুর কয়েক দিন আগে এমন কথাই বলেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর।

জীবনের অনিশ্চয়তা নিয়ে তাঁর সেই কথার কয়েক দিন পরই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাসায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৫ বছর।

ভোরে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। তবে শেষ পর্যন্ত তাঁকে আর ফেরানো যায়নি। ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, নানা পাটেকরকে যখন হাসপাতালে নেওয়া হয়, তখন তাঁর হৃদ্‌যন্ত্রের কোনো কার্যক্রম ছিল না। তাঁর মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা হয়েছে। ময়নাতদন্ত করা হবে বলেও জানা গেছে।

মৃত্যুর আগে কী বলেছিলেন নানা

৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। সেখানেই জীবনের শেষ সময় নিয়ে কথা বলেন তিনি।

নানা বলেন, ‘আমরা সবাই একদিন চলে যাব। আমি কাল থাকব কি না, জানি না। প্রত্যেক মানুষের জীবনই একদিন শেষ হবে। কিন্তু তার আগে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে: আমি যা করতে চাই, তা কি করতে পারছি?’

অভিনেতা আরও বলেন, শুধু স্ত্রী, সন্তান ও নিজের ঘর নিয়ে জীবন সীমাবদ্ধ রাখা উচিত নয়। সমাজের জন্য কিছু করার তাগিদও থাকা দরকার।

সেই অনুষ্ঠানে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকে স্মরণ করেন নানা। তাঁকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, অল্প সময়ের জীবনে একজন মানুষ কতটা কাজ করে যেতে পারেন, পারিকর ছিলেন তার উদাহরণ।

পাঁচ দশকের অভিনয়জীবন

১৯৫১ সালে জন্ম নানা পাটেকারের। ১৯৭৮ সালে মারাঠি ছবি ‘গমন’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরে হিন্দি ও মারাঠি দুই ভাষার সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি’ ও ‘আব তক ছাপ্পান’-এর মতো ছবিতে নানার অভিনয় প্রশংসিত হয়েছে। আবার ‘ওয়েলকাম’ ও ‘হাউসফুল’ সিরিজে হাস্যরসের অভিনয়েও জনপ্রিয়তা পেয়েছেন।

মৃত্যুর আগপর্যন্ত অভিনয় করেছেন নানা। ‘হাউসফুল ৫’-এর পর তাঁকে দেখা গেছে বিশাল ভরদ্বাজের ‘ও’রোমিও’ ছবিতে। শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির এই ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে