রণবীর সিং
রণবীর সিং

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা

হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলাটি করা হয়। মামলা করেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল।

অভিযোগে বলা হয়েছে, হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন রণবীর সিং। সেই সঙ্গে চামুণ্ডাদেবীর মতো অভিনয় করতে গিয়ে কর্নাটকের এই দেবীর অবমাননা করেছেন তিনি।

আইনজীবী প্রশান্ত মেথালের অভিযোগ, ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে রণবীর সিং অবমাননাকর মন্তব্য করেন। ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় একটি দৃশ্যে দেখা যায়, ঋষভ শেট্টির চরিত্রে প্রবেশ করেন চামুণ্ডাদেবী। সেই দৃশ্যের অনুকরণ করতে গিয়ে চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে অবমাননা করেন তিনি।

অভিযোগে ব্যাখ্যা করা হয়েছে, চামুণ্ডাদেবী কর্নাটকের উপকূলীয় অঞ্চলে পূজিত এক সম্মানিত রক্ষাকর্ত্রী, যিনি ঐশী নারীশক্তির প্রতীক এবং ভক্তদের কাছে গভীরভাবে শ্রদ্ধেয়। তাঁকে ভূত হিসেবে উপস্থাপন করা গুরুতর বিকৃতি, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

রণবীর সিং

মামলাটি বেঙ্গালুরুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর বেঙ্গালুরুর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী প্রশান্ত মেথাল একটি ব্যক্তিগত অভিযোগ করেন। এ বছরের ২৩ জানুয়ারি আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৭৫ ধারা (উপধারা ৩) অনুযায়ী হাই গ্রাউন্ডস থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন।

আদালতের সেই নির্দেশের পর আজ হাই গ্রাউন্ডস থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর রুজু করা হয়েছে।