রোমান্টিক–ড্রামা ছবি ‘এক দিন’–এর টাইটেল ট্রাককে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, এই গানের মাধ্যমে একসঙ্গে কাজ করলেন বলিউডের তারকা প্রযোজক–অভিনেতা আমির খান ও অরিজিৎ সিং। আমির প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন তাঁর সন্তান জুনায়েদ খান ও দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। সিনেমাটি মুক্তির আগেই ছবিটির গানকে ঘিরে যে আলোচনার জন্ম হয়েছে, তা যেন সিনেমাটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি আমির খানের পশ্চিমবঙ্গ সফর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে—অরিজিতের জন্মভূমিতে। অনেকেই ভেবেছিলেন, গায়ক নাকি প্লেব্যাক থেকে সরে দাঁড়াতে চাইছেন, সেই গুঞ্জন থামাতেই আমিরের এই সফর।
কিন্তু পর্দার আড়ালের নতুন ভিডিও বলছে ভিন্ন গল্প। আজ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুজনের সাক্ষাৎ ছিল নিখাদ সৃজনশীলতার। গানের সুর, কথার আবহ, আবেগ—সবকিছু নিয়ে দীর্ঘ আলোচনা। একপর্যায়ে আমির খান মজার ছলে বলেন, ‘তুমি না থাকলে বলিউড আগের মতো থাকবে না।’
‘এক দিন’ মূলত এক আবেগঘন প্রেমের গল্প। ছবির টাইটেল গানটি সেই প্রেমের মর্মকথা তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতারা। অরিজিত সিংয়ের কণ্ঠে প্রেমের বেদনামিশ্রিত সুর বরাবরই শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে। আমির খানের প্রযোজনায় সেই আবেগ আরও নিখুঁতভাবে ফুটে উঠবে—এমনটাই প্রত্যাশা ভক্তদের।
বলিউডে এর আগে বহু স্মরণীয় গানে কণ্ঠ দিয়েছেন অরিজিত। অন্যদিকে আমির খান তাঁর ছবির সংগীত নিয়ে সব সময়ই যত্নশীল। এই দুই শিল্পীর মিলন তাই কেবল একটি গানের সহযোগিতা নয়; বরং দুই ভিন্ন সৃজন ভুবনের সংলাপ।
অরিজিত সিং প্লেব্যাক ছাড়ছেন—এমন গুঞ্জন কয়েক সপ্তাহ ধরে ভাসছিল। জিয়াগঞ্জ সফরের পর অনেকে ভেবেছিলেন, আমির হয়তো তাঁকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে গেছেন। কিন্তু নতুন ফুটেজে স্পষ্ট, বিষয়টি ছিল সম্পূর্ণ সৃজনশীল।
এই সহযোগিতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, ‘এক দিন’–এর শিরোনাম গান হতে পারে বছরের সেরা প্রেমের গানগুলোর একটি।
এর আগে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি কয়েক দিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম। অরিজিৎকে সিনেমার গান ছেড়ে না দিতে বোঝানোর জন্য সেখানে যাইনি। আমি অন্য একটি কাজের জন্য সেখানে গিয়েছিলাম। যদিও চেষ্টা করেছি তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি করাতে, কিন্তু তা বৃথা গেছে। মনে হচ্ছে, সে তার সিদ্ধান্তে অনড়।’
আমির আরও বলেন, ‘এক দিন’ সিনেমার সবগুলো গানাই গেয়েছেন অরিজিৎ।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে