
ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের মৃত্যুর দুই সপ্তাহের ব্যবধানে আরেক কৌতুকশিল্পীর ক্যানসারে মৃত্যু হয়েছে। এ শিল্পীর নাম পরাগ। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কৌতুকশিল্পী সুনীল পাল। ভারতে দারুণ জনপ্রিয় ছিলেন পরাগ, ভারতের আলোচিত রিয়েলিটি শো ‘গ্রেট ইন্ডিয়ার লাফার চ্যালেঞ্জ’-এ কৌতুক পরিবেশন করে আলোচিত হয়েছেন পরাগ, তাঁর হঠাৎ মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না ভক্তরা।
সুনীল পাল ইনস্টাগ্রামে এক ভিডিওতে শোক প্রকাশ করে বলেছেন, ‘আমরা কিছুদিন আগেও রাজু শ্রীবাস্তবকে হারিয়েছি, এবার পরাগকে হারালাম।’ ক্যারিয়ারের শুরুতে গুজরাটের বিভিন্ন এলাকায় শো করতেন পরাগ, পরে ‘গ্রেট ইন্ডিয়ান লাফার চ্যালেঞ্জ’-এ নাম লিখিয়ে পরিচিতি পান। ‘কমেডি কা কিং’ নামে আরেকটি শোতেও দেখা গেছে তাঁকে।
সপ্তাহ দুয়েক আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজু।