কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনম কাপুর। এবার সুখবর দিলেন আরও এক বলিউড অভিনেত্রী। মা হতে চলেছেন কারিশমা তান্না। গতকাল সোমবার একগুচ্ছ ছবি পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন তিনি।
ছোট্ট জুতা, মম-ড্যাড লেখা টুপি পরে নানান ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হবু মা–বাবা কারিশমা–বরুণ ভাঙ্গেরা। খুশি খবর জানিয়ে যৌথ পোস্টে লিখেছেন, ‘মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।’ খুব শিগগির পরিবারে নতুন সদস্যের পদধূলি পড়তে চলেছে—এ খবর শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন যুগল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের পরেই কারিশমাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁর ভক্ত থেকে শুরু করে সহকর্মীরা।
শুভেচ্ছা জানিয়েছেন সহ–অভিনেত্রী খুশি কাপুর। ২০১৭ সালে ‘মম’ ছবির সিকুয়েলে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকন্যা খুশি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কারিশমা। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন বলি ডিভা দিয়া মির্জা থেকে জেসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ আরও অনেকেই।
উপেন প্যাটেলের সঙ্গে প্রেম ভাঙতেই বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কারিশমা তান্না।
২০২১ সালের ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণের সঙ্গে বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েন করিশমা। বিয়ের পাঁচ বছর পর সন্তানসুখ পেতে অধীর আগ্রহে দিন গুনছেন দুজনেই। হিন্দি মেগা থেকে সিনেমা, সিরিজে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন কারিশমা। হিন্দি টেলিভিশনের মাধ্যমেই সফর শুরু করিশমার। ধীরে ধীরে কাজের পরিসর বৃদ্ধি হয়। সিনেমা-সিরিজে অভিনয়ের সুযোগ পান গুজরাটের কন্যা।
হংসল মেহতার ‘স্কুপ’ সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। রিয়্যালিটি ‘বিগ বস’-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কারিশমা। ২০১৬ সালে সেই প্রেম ভেঙে যায় এবং ২০২২ সালে বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে