‘সারকে চুনর তেরি সারকে’ গানের দৃ্শ্যে নোরা ফতেহি। এক্স থেকে
‘সারকে চুনর তেরি সারকে’  গানের দৃ্শ্যে নোরা ফতেহি। এক্স থেকে

‘বিতর্ক উসকে দিতে ইনফ্লুয়েন্সারদের টাকা দেওয়া হয়েছিল’

নোরা ফাতেহি বলেছেন, ‘সারকে চুনর তেরি সারকে’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল, তা তাঁকে অবাক করেনি। বরং তাঁর দাবি, বিতর্ককে আরও উসকে দিতে কিছু ইনফ্লুয়েন্সারকে অর্থ দেওয়া হয়েছিল। একই সঙ্গে অভিনেত্রী-গায়িকা স্পষ্ট করেছেন, হিন্দি সংস্করণটির অনুমোদন তিনি কখনো দেননি।

‘ড্রিম উইথ ড. শিন’ পডকাস্টে নোরা বলেন, তিনি নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন, গানটি প্রকাশের পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তাঁর ভাষায়, ‘প্রতিটি ইনফ্লুয়েন্সারের স্ক্রিপ্ট’ তাঁর জানা। এমনকি কারা তাঁদের নিয়োগ করেছেন এবং কত টাকা দেওয়া হয়েছে—সেটিও তিনি জানেন বলে দাবি করেন।
নোরা বলেন, ‘আমি জানি কে তোমাকে নিয়োগ করেছে, কখন করেছে এবং কত টাকা দিয়েছে। যে-ই এর পেছনে ছিল, সে এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে।’
তাঁর মতে, গানে অশালীনভাবে নারীর শরীর প্রদর্শন নিয়ে বিতর্ক তৈরি হবে—এমনটা তিনি আগে থেকেই আঁচ করেছিলেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পরও তিনি আতঙ্কিত হননি।

‘আমি আতঙ্কিত ছিলাম না, ভয়ও পাইনি। আমি তিন দিন শুটিং করছিলাম। কিছুই জানতাম না। এরপর হঠাৎ সবকিছু ওলটপালট হয়ে গেল,’ বলেন নোরা।
পরিস্থিতি পরিষ্কার করতে পরে তাঁকে একটি ভিডিও বার্তাও দিতে হয়। কারণ, তাঁর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক বক্তব্য ছড়াচ্ছিল, যেগুলো সত্যি নয়। নীরব থাকলে মানুষ তাঁর অবস্থান ভুলভাবে বুঝতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি প্রকাশ্যে কথা বলেন।

‘আমি জানি না হিন্দি সংস্করণটি কোথা থেকে এল’
নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণে অভিনয় করেছিলেন। তখন এটি বড় একটি ছবির অংশ ছিল এবং তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। তাই প্রস্তাবটি তিনি গ্রহণ করেছিলেন।

‘আমি তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং করেছিলাম। বড় একটি ছবির অংশ হওয়ায় আমি রাজি হয়েছিলাম। তার সঙ্গে সঞ্জয় দত্তও ছিলেন—কে না বলবে? আমি ভেবেছিলাম এটি “নায়ক নেহি খলনায়ক হুঁ ম্যায়”-এর মতো একটি রিমেক,”’ বলেন তিনি।

নোরা বলেন, কন্নড় ভাষা না জানায় তখন গানের বিষয়বস্তু নিয়ে নির্মাতারা তাঁকে যা বলেছিলেন, সেটির ওপরই তিনি নির্ভর করেছিলেন। কিন্তু পরে হিন্দিতে গানটি তৈরি করার সময় তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
‘তারা এখন যা করেছে—হিন্দিতে ডাবিং, নতুন গানের কথা—এসবের জন্য আমার কোনো অনুমতি বা অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না,’ বলেন নোরা।

এমনকি গানটির উদ্বোধনী অনুষ্ঠানেও কিছু বিষয় তাঁর নজরে আসে। সেখানে গানের লিরিক্যাল ভিডিওতে তাঁর কিছু অপ্রশংসনীয় ছবি ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি নোরা ও সঞ্জয় দত্তের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি।
নোরার কথায়, ‘অনুষ্ঠানে এসব দেখে আমি খুব বিরক্ত হয়েছিলাম। তবে নিজেকে শান্ত রেখেছিলাম।’

‘সারকে চুনর তেরি’ গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। এক্স থেকে

পরে হিন্দি সংস্করণটি দেখার পর তাঁর আশঙ্কা আরও বেড়ে যায়। তিনি নির্মাতাদের বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করেন।

‘আমি পরিচালককে বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। এরপর আমি নিজেকে এই প্রকল্প থেকে দূরে সরিয়ে নিই। কোথাও গানটির প্রচার করিনি। পরিচালককে বলেছিলাম, এখানে আমার ভাবমূর্তি ও সুনামের বিষয় জড়িত,’ বলেন তিনি।

‘শিল্পীদের হাতে ক্ষমতা খুব কম’
নোরা আরও বলেন, বিনোদনশিল্পে একজন অভিনয়শিল্পীর নিজের কাজের ওপর সব সময় পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ‘আমরা শিল্পীরা খুব বেশি ক্ষমতা বা নিয়ন্ত্রণ রাখি না। সৌভাগ্যবশত বলিউডে অনেকেই আমার কাজকে সম্মান করেছেন। কিন্তু কিছু ইন্ডাস্ট্রি আছে, যেখানে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না,’ বলেন তিনি।
তবে বিতর্ক তীব্র হওয়ার পর গানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি স্বস্তি প্রকাশ করেন। ‘প্রতিক্রিয়ার কারণে শেষ পর্যন্ত তাদের গানটি সরিয়ে নিতে হয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন নোরা।

আগে প্রকাশ করা ভিডিও বার্তার ক্যাপশনেও নোরা লিখেছিলেন, কেউ যেন মনে না করেন যে তিনি গানটিকে সমর্থন করেছেন। তাঁর দাবি, গানটি নিয়ে বিতর্কের পর নির্মাতারা সেটি সরিয়ে নেন। একই সঙ্গে তিনি সবাইকে গানটির ভিডিও বা অংশবিশেষ শেয়ার না করার অনুরোধ করেন। তাঁর মতে, এভাবে শেয়ার করা হলে গানটি অপ্রয়োজনীয় প্রচারই পাবে।

নোরার আরও অভিযোগ, কেউ কেউ এই বিতর্ককে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার সুযোগ হিসেবে ব্যবহার করেছেন। তিনি আবারও দাবি করেন, হিন্দি গানটি সম্পর্কে তিনি জানতেন না, গানটির জন্য তিনি শুটিং করেননি এবং তাঁর ছবি ব্যবহারের অনুমতিও দেননি।

অভিযোগ, অশ্লীলতার অভিযোগে মামলা
গানটি ইউটিউবে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে এ নিয়ে একটি অভিযোগও করা হয়। অভিযোগে বলা হয়, গানটির কথায় অত্যন্ত অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর অভিব্যক্তি রয়েছে। গানটির দৃশ্যায়ণ ও নাচের অংশও আপত্তিকর এবং জনসমক্ষে অশ্লীলতা ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গানটির কিছু কথা প্রকাশ্যে প্রচারের জন্য অনুপযুক্ত এবং অপ্রাপ্তবয়স্করাও সহজেই এসব কনটেন্ট দেখতে পারায় বিষয়টি আরও উদ্বেগজনক।

গানটির সঙ্গে যুক্ত গীতিকার রকিব আলম, পরিচালক প্রেম, সুরকার অর্জুন জনয়া ও গায়িকা মাংলির নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এ ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৪ ধারা, শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (পকসো) এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারা প্রযোজ্য হতে পারে। দিল্লি পুলিশের সাইবার সেলেও এ বিষয়ে আলাদা ফৌজদারি অভিযোগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
‘সারকে চুনর তেরি সারকে’ গানটি গেয়েছেন মাংলি, লিখেছেন রকিব আলম এবং সুর করেছেন অর্জুন জনয়া।

নোরা ফতেহি

‘কেডি: দ্য ডেভিল’-এর গান
গানটি কন্নড় ভাষার অ্যাকশন-থ্রিলার ‘কেডি: দ্য ডেভিল’ ছবির অংশ। প্রেম পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও রেশমা নানাইয়া।
১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি ছবিটির গল্প কালী নামের এক ছোটখাটো অপরাধীকে ঘিরে। ধীরে ধীরে সে অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ে। ছবিটি ৩০ এপ্রিল ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ইন্ডিয়া টুডে অবলম্বনে