রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পানির নিচে ধুন্ধুমার অ্যাকশন, চমকে দিলেন রাশমিকা

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচিতি রোমান্টিক সিনেমার অভিনেত্রী হিসেবে। তবে নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে পাওয়া গেল অন্য এক রাশমিকাকে।
রাশমিকা মান্দান্নাকে এতটা অ্যাকশননির্ভর চরিত্রে আগে দেখা যায়নি। নতুন সিনেমার টিজারে হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে মারামারি, ঘাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে পানির নিচে লড়াই—সবই করছেন তিনি। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও যে নারী হার মানতে রাজি নন, লড়াই করেই নিজের পথ তৈরি করেন—টিজারে সেই চরিত্রেরই আভাস মিলেছে।

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’ এরপরই বদলে যায় দৃশ্যপট। হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি। সামনে যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর চরিত্র।

টিজারে রাশমিকাকে দেখা গেছে, হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে। একের পর এক অ্যাকশন দৃশ্যে কখনো প্রতিপক্ষের হাত-পা কেটে ফেলছেন, কখনো লাথিতে ঘাড় ভেঙে দেওয়ার মতো ভয়ংকর আঘাত করছেন। মোটরসাইকেল চালানোর দৃশ্যও আছে। সবচেয়ে নজরকাড়া মুহূর্তগুলোর একটি পানির নিচের লড়াই—সেখানেও একাধিক প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়তে দেখা গেছে তাঁকে।

মাইসা’র পোস্টার। আইএমডিবি

এই চরিত্রের জন্য রাশমিকাকে শারীরিকভাবে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর টেনডন বা পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখা টিস্যু ছিঁড়ে যায়। চোটটি বেশ যন্ত্রণাদায়ক ছিল।

তবে টিজারে রাশমিকার সেই পরিশ্রমই যেন সবচেয়ে বেশি চোখে পড়েছে। সাধারণত বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের যে গ্ল্যামারনির্ভর উপস্থিতিতে দেখা যায়, ‘মাইসা’য় তার ছিটেফোঁটাও নেই। বরং রাশমিকাকে দেখা গেছে মাটির কাছাকাছি, শক্তিশালী এবং ভয়ডরহীন এক নারীর ভূমিকায়।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। ইউটিউবে ছবিটির হিন্দি টিজারের শীর্ষ মন্তব্যগুলোর একটিতে লেখা হয়েছে, ‘নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত।’ আরেক দর্শকের মন্তব্য, ‘প্রথমবার মনে হচ্ছে কোনো নারী অভিনেত্রীকে গ্ল্যামারের জন্য নয়, অভিনয়দক্ষতার জন্য নেওয়া হয়েছে।’

ছবিতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

‘মাইসা’ মুক্তি পাবে ২৭ নভেম্বর। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামাটিতে তাঁর সঙ্গে ছিলেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে