কিয়ারার বিতর্কিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন হুমা। কোলাজ
কিয়ারার বিতর্কিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন হুমা। কোলাজ

কিয়ারার বিতর্কিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন হুমা

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই অভিনেত্রী কিয়ারা আদভানিকে ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারাকে লক্ষ্য করে নানা ধরনের মন্তব্য করা হয়। এবার সেই সমালোচনার বিরুদ্ধে প্রকাশ্যে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন ছবির আরেক অভিনেত্রী হুমা কুরেশি।
ভারতীয় ইউটিউব প্ল্যাটফর্ম ইউভার অনুষ্ঠান ‘বি এ ম্যান, ইয়ার!—এ দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, ছবির নারী শিল্পী ও নির্মাতারাই শেষ পর্যন্ত নিজেদের কাজের মাধ্যমে জবাব দেবেন।

কিয়ারাকে যেভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে, সে প্রসঙ্গে হুমার মন্তব্য, ‘এটা অসুস্থ মানসিকতার পরিচয়। সত্যিই খুবই নোংরা ব্যাপার। তবে আমি বিশ্বাস করি, এই ছবির অভিনেত্রীরা ও পরিচালকই শেষ হাসিটা হাসবেন। এসবের জবাব কথায় দেওয়া যায় না। মানুষের মানসিকতা শুধু যুক্তি দিয়ে বদলানো সম্ভব নয়। আমি চাই, ছবিটাই সব প্রশ্নের উত্তর দিক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিমও। তিনি বলেন, ‘এরা কারা? বাস্তব পৃথিবী আসলে অনেক মানবিক, কিন্তু ইন্টারনেট সব সময় তেমন নয়।’
‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে দেখেন। এমনকি তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে মন্তব্য করা হয়।

অন্যদিকে একই দৃশ্যে অভিনয় করলেও অভিনেতা যশ তুলনামূলকভাবে কম সমালোচিত হন। দুজনই বিবাহিত হওয়া সত্ত্বেও কিয়ারাকে বেশি আক্রমণের মুখে পড়তে হওয়ায় অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই ধরনের পর্দার অভিনয়ের জন্য নারী অভিনয়শিল্পীদের কি এখনো পুরুষদের তুলনায় কঠোরভাবে বিচার করা হয়?

কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এদিকে সম্প্রতি বিতর্ক ‘তাবাহি’ গানটি নিয়ে কথা বলেছেন কিয়ারা নিজেও। সম্প্রতি ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘টক্সিক’-এ নাদিয়া চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম পরিপূর্ণ অভিজ্ঞতা। পরিচালক গীতু মোহনদাস যখন চরিত্রটির বর্ণনা দেন, তখনই তিনি মুগ্ধ হয়ে যান।

কিয়ারার ভাষায়, ‘গল্প শোনার পর বুঝেছিলাম, এটি অসাধারণভাবে নির্মিত একটি চরিত্র। শক্তি, ভঙ্গুরতা, উন্মাদনা, বিচ্ছিন্নতা, সংবেদনশীলতা—একজন অভিনেত্রী হিসেবে যা যা প্রকাশ করতে চাই, সবই এই চরিত্রে আছে। এমন চরিত্রেরই অপেক্ষায় থাকেন একজন অভিনেতা।’

‘টক্সিক’–এ কিয়ারা ও যশ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কিয়ারা জানান, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে এসে তিনি এই ধরনের কঠিন চরিত্রে অভিনয়ের আত্মবিশ্বাস পেয়েছেন। নাদিয়া চরিত্রে প্রস্তুতির অভিজ্ঞতাও তুলে ধরেন কিয়ারা। তাঁর মতে, অভিনয়ের প্রকৃত কাজ ক্যামেরার সামনে নয়, বরং শুটিং শুরুর অনেক আগেই শুরু হয়ে যায়।

কিয়ারা আদভানি বলেন, ‘আমি চরিত্রটির আবেগ, সম্পর্ক, ভয় ও প্রেরণা নিয়ে দীর্ঘ সময় ভাবি। এরপর আসে শরীরী ভাষা, কণ্ঠের ধরন, পোশাক, চলাফেরা—সবকিছু। দর্শক শুধু শেষের অভিনয়টি দেখেন, কিন্তু সেই প্রস্তুতির দীর্ঘ প্রক্রিয়া তাঁদের চোখে পড়ে না।’

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির মাধ্যমে ‘কেজিএফ’-এর পর বড় পর্দায় ফিরছেন যশ। ছবিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। ছবিটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

ইন্ডিয়া টুডে অবলম্বনে