রাশমিকা ও বিজয়। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
রাশমিকা ও বিজয়। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে

বিয়ের পর নতুন চমক, বড় ঘোষণা দিলেন রাশমিকা–বিজয়

গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন দক্ষিণের আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ধুমধাম করে বিয়ে সারার পর গতকাল সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটের পৈতৃক ভিটায় আসেন বিজয় ও রাশমিকা। গ্রামের বাড়িতে একসঙ্গে সত্যনারায়ণ পূজায় অংশগ্রহণ করেন তারকা দম্পতি। তবে এখানেই শেষ নয়, গ্রামে দাঁড়িয়েই নতুন ঘোষণা দেন নবদম্পতি।

রাশমিকা মান্দানার সঙ্গে বিয়ের পর বিজয় তাঁর দাতব্য ট্রাস্টের মাধ্যমে তেলঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের শিক্ষাকে সমর্থন করা এবং আর্থিক বোঝা ছাড়াই একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।

বিজয় ঘোষণা করার পরপরই রাশমিকা এ উদ্যোগের প্রশংসা করেন। বিজয়ের এই ঘোষণায় গর্বিত হন অভিনেতার মা। এ ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে চারদিক। শুধু আর্থিক সহায়তা নয়, বিজয় তাঁর গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দেন যে তিনি এখন থেকে নিয়মিত তাঁর গ্রামে যাবেন।

বিজয় ও রাশমিকা

বিজয়ের এই আর্থিক সহায়তার ঘোষণার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। একজন ভক্ত লিখেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে ভিডি যদি মুখ্যমন্ত্রী হন, তবে আমি অবাক হব না।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে নায়ক।’

৪ মার্চ হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন এই তারকা দম্পতি। রাশমিকা ও বিজয়কে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘রানাবালি’-তে। বিয়ের পর এটি তাঁদের প্রথম ছবি, যেখানে একসঙ্গে অভিনয় করবেন তাঁরা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই ছবি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

‘রানাবালি’র পোস্টারে বিজয় ও রাশমিকা। ইনস্টাগ্রাম থেকে