‘জন নায়াগান’–এ বিজয়। এক্স থেকে
‘জন নায়াগান’–এ বিজয়। এক্স থেকে

মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিজয়ের শেষ সিনেমা নিয়ে ‘যুদ্ধ’ শুরু

তামিল তারকা বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গান’ মুক্তির কথা ছিল গত জানুয়ারি মাসে। কিন্তু নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি। সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলা থেকে সিনেমাটি নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়। ফলে সিনেমা নিয়ে আগ্রহ অনেকটাই ফিকে হয়ে আসে। তবে বিজয় ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর পাল্টে গেছে দৃশ্যপট। তাঁর শেষ সিনেমার স্বত্ব পেতে রীতিমতো যুদ্ধ শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো।

তবে বিতর্ক আর অনিশ্চয়তার মধ্যেও ‘জন নায়গান’-কে ঘিরে মানুষের আগ্রহ কমেনি; বরং বিজয়ের রাজনৈতিক উত্থানের পর ছবিটির বাজারমূল্য আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এটিই রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এখন একাধিক শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম ছবিটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনতে মরিয়া হয়ে উঠেছে। শুরুতে সিনেমাটির থিয়েটার ও ওটিটি মুক্তির পরিকল্পনা ছিল বেশ স্বাভাবিক। কিন্তু সেন্সর জটিলতার কারণে পুরো পরিকল্পনাই বদলে যায়।

‘জন নায়গান’–এ বিজয়। এক্স থেকে

এর আগে খবর বেরিয়েছিল, প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি স্ট্রিম হওয়ার কথা ছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে। কিন্তু মুক্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার পর সেই চুক্তি বাতিল হয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। ফলে কিছু সময়ের জন্য ছবিটির ডিজিটাল মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

কিন্তু বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি পুরো বদলে গেছে। আগের অংশীদারসহ কয়েকটি বড় ওটিটি প্রতিষ্ঠান আবারও ছবিটি নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে।
শিল্প-সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বিজয়ের জনপ্রিয়তা ও জন-ইমেজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই কারণেই ‘জন নায়গান’-এর স্ট্রিমিং স্বত্বের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। শুধু ওটিটি প্ল্যাটফর্ম নয়, বিভিন্ন পরিবেশকও এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আগ্রহ দেখাচ্ছেন।

এদিকে নির্বাচনের আগে ছবিটির টাইটেল কার্ডেও বিজয়কে ‘সম্মানিত মুখ্যমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সেন্সর জটিলতা, অনলাইন ফাঁস আর রাজনৈতিক উত্তাপ—সব মিলিয়ে ‘জন নায়গান’ এখন তামিল সিনেমার অন্যতম বহুল আলোচিত প্রকল্পে পরিণত হয়েছে।
ছবিটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ প্রমুখ।