‘কফি উইথ করণ’–এর শেষ মৌসূমের প্রথম পর্বের অতিথি ছিলেন সালমান খান। এক্স থেকে
‘কফি উইথ করণ’–এর শেষ মৌসূমের প্রথম পর্বের অতিথি ছিলেন সালমান খান। এক্স থেকে

সালমানের বেডরুমে রহস্যময় উপস্থিতি, অভিনেতা বললেন, ‘আমি কখনো একা থাকিনি’

বলিউড তারকা সালমান খানের জীবনে নানা ঘটনা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার নিজের শোবার ঘরে এক রহস্যময় উপস্থিতি অনুভব করার অভিজ্ঞতা জানালেন অভিনেতা। তাঁর দাবি, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ঘরে একা থাকতেন না তিনি। অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করতেন সব সময়। কখনো ঘর থেকে বেরিয়ে আসার সময় আলো জ্বলে-নিভে উঠত, কখনো নিজে থেকেই খুলে যেত আলমারির দরজা। এমনকি কোনো কারণ ছাড়াই চালু হয়ে যেত মিউজিক সিস্টেমও।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে এসব অভিজ্ঞতার কথা বলেন সালমান। তবে ঘটনাগুলো তাঁকে আতঙ্কিত করত না বলেও জানিয়েছেন অভিনেতা।

‘কাউকে দেখিনি, শুধু শুনেছি ও অনুভব করেছি’
অনুষ্ঠানে সালমানের বাড়িতে প্রথমবার যাওয়ার স্মৃতিচারণা করেন করণ জোহর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় সালমানকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে গিয়েছিলেন তিনি। সেই সময় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন সালমান। বাড়িতে ছিলেন তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান এবং দুই ভাই আরবাজ ও সোহেল খান।

করণ জানান, বাড়িতে গিয়ে তিনি অবাক হয়েছিলেন সালমানের শোবার ঘর দেখে। ঘরটি ছিল বেশ ছোট; সেখানে ছিল একটি বিছানা ও একটি আলমারি।
সেই প্রসঙ্গেই নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান সালমান। তাঁর ভাষ্যে, ‘আমি কখনো ওই ঘরে একা থাকিনি। সব সময় আমার সঙ্গে এমন কেউ থাকত, যাকে আমি কখনো দেখিনি। শুধু তার উপস্থিতি অনুভব করেছি, আর পেছন থেকে নানা শব্দ শুনেছি।’

অভিনেতা আরও বলেন, ‘যখনই ঘর থেকে বের হতাম, আলো জ্বলে-নিভে উঠত। আলমারির দরজা নিজে থেকেই খুলে যেত। মিউজিক সিস্টেমও নিজের থেকে চালু হয়ে যেত। বাথরুমে থাকলেও মনে হতো, বাইরে কেউ আছে এবং আলমারি নিয়ে নাড়াচাড়া করছে।’

ভূত নয়, অদৃশ্য উপস্থিতি!
সালমানের কথা শুনে করণ জানতে চান, ঘরটিকে তিনি ভুতুড়ে বলে মনে করতেন কি না। উত্তরে অভিনেতা বলেন, বিষয়টিকে তিনি ঠিক ভূতের উপস্থিতি হিসেবে দেখেননি। বরং সেখানে অদৃশ্য কারও অস্তিত্ব অনুভব করতেন।
সালমান বলেন, ‘ভুতুড়ে বলব না, তবে একটা উপস্থিতি অনুভব করতাম। যখন গান বাজাতাম, মনে হতো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাই তার জন্য গান বাজিয়ে ঘর থেকে বেরিয়ে আসতাম।’

অভিনেতা সালমান খান

ঘরের বাইরে একটি বিলিয়ার্ড টেবিল ছিল বলেও জানান অভিনেতা। সেখানে পরিবারের অন্যদের সঙ্গে খেলার সময়ও মাঝেমধ্যে মনে হতো, ঘরের ভেতরে কেউ রয়েছে।
তবে এসব ঘটনায় কখনো ভয় পাননি সালমান। তাঁর কথায়, ‘ওটা আমাকে কখনো ভয় দেখায়নি, কোনো ক্ষতিও করেনি। আমার শুধু একটা অনুরোধ ছিল—তুমি যদি সত্যিই খুব সুন্দরী কোনো নারী হও, তাহলে সামনে এসে দেখা দাও।’

‘কুছ কুছ হোতা হ্যায়’-এ যেভাবে যুক্ত হয়েছিলেন সালমান
অনুষ্ঠানে করণ জোহর ও সালমান খানের আলোচনায় উঠে আসে ১৯৯৮ সালের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতিও। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত ছবিটিতে আমান চরিত্রে বিশেষ উপস্থিতি ছিল সালমানের। ছবিতে আমান ছিলেন কাজলের অভিনীত অঞ্জলির বাগ্‌দত্তা।
করণ জানান, সালমানকে ছবির প্রস্তাব দেওয়ার সময় তিনি চিত্রনাট্যের কেবল প্রথমার্ধই শুনিয়েছিলেন। তাতেই রাজি হয়ে যান অভিনেতা। অথচ ছবির দ্বিতীয়ার্ধ তখনো শোনা হয়নি তাঁর।

করণ আরও স্মরণ করেন, সে সময় সালমানের সঙ্গে দেখা করতে ও নিজেদের সিনেমার গল্প শোনাতে আরও অনেকে বাইরে অপেক্ষা করছিলেন। তাঁদের সামনে সালমান এমনভাবে মন্তব্য করেছিলেন, যেন তিনি পুরো চিত্রনাট্যই শুনে ফেলেছেন। বলেছিলেন, ‘দ্বিতীয়ার্ধটা কী দারুণ লিখেছ!’

অনুষ্ঠানে সালমান আরও জানান, আমান চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাইফ আলী খান ও চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনেতারাও। শেষ পর্যন্ত চরিত্রটি সালমানের অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় বিশেষ উপস্থিতিতে পরিণত হয়।

সালমানের পরবর্তী সিনেমা
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তাঁর পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর একটি প্রকল্পের কথাও জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির সম্ভাব্য নাম ‘মনস্টার’। বংশী পৈডিপল্লির পরিচালনায় এতে সালমানের সঙ্গে অভিনয় করার কথা নয়নতারার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে