এক মুখ নানা রূপ

চরিত্রের প্রয়োজনে কখনো বাড়িয়েছেন ওজন, কখনো তিনি কালিঝুলি মেখে শ্যামলা কন্যা হয়ে এসেছেন পর্দায়। আবার কখনোবা হাতে, পায়ে, মুখে শত শত বলিরেখা নিয়ে বৃদ্ধারূপে রুপালি পর্দায় এসেছেন। নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে দারুণ গর্বিত ভূমি পেড়নেকর।

শিগগিরই ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে দেখা যাবে এই বলিউড নায়িকাকে। ছবিতে সম্পূর্ণ অন্য এক ধারার চরিত্রে আসতে চলেছেন ভূমি। ছবিতে তিনি ভিকি কৌশলের স্ত্রী। চরিত্রটি প্রসঙ্গে ভূমি বলেছেন, ‘এই ছবিতে আমি গৌরী ওয়াঘমারে নামের এক বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করছি, নানা ঝঞ্ঝাটে ভরা যার বিবাহিত জীবন। মজার চরিত্র। গৌরী কঠিন মনের মেয়ে, উচ্চাকাঙ্ক্ষী, নানা ইচ্ছা আছে তার। পাশাপাশি সে মজার, দাপুটে আর বুদ্ধিমতী। আর কোনো কিছুর সে তোয়াক্কা করে না। ধূসর চরিত্র। ট্রেলারে সবাই আমার চরিত্রটি খুব পছন্দ করেছে। এই ধরনের চরিত্র আমি আগামী দিনেও করতে চাইব।’

ভূমি পেড়নেকর

ভূমি নিজে মারাঠি। আর এই প্রথম তিনি কোনো মারাঠি নারীর ভূমিকায় আসতে চলেছেন। এ প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘আমি মারাঠি আর আমি আমার চরিত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতির কিছু ঝলক পর্দায় তুলে ধরতে পেরেছি।’

নিজের ফিল্মি ভ্রমণ নিয়ে ভূমি বলেছেন, ‘আমি আজ হিন্দি চলচ্চিত্রজগতের সফল এক অভিনেত্রী। বিষয়টা আমাকে সত্যি অবাক করে। নিজের জন্য গর্ব বোধ করি। কারণ, কঠোর পরিশ্রমের জোরে এই উচ্চতায় পৌঁছাতে পেরেছি। ফিল্মি দুনিয়ার কেউ না হয়েও আজ এই সফলতা পেয়েছি। এখানে পৌঁছাতে একটু বেশি সময় লেগেছে নিশ্চয়, তবে এই সময় লাগার জন্য আমার কোনো আফসোস নেই।’

তিনি আরও বলেছেন, ‘এই ভ্রমণই আমাকে ভালো অভিনয়শিল্পী হতে সাহায্য করেছে। ‘দম লাগা কে হাইসা’ দিয়ে কাজ শুরু করেছিলাম। তখন থেকেই নানা নির্ভীক চরিত্রে অভিনয় করে মজা নিচ্ছি। তাই নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করি। আমার হাতে সাতটা ছবি আছে। আর এই ছবিগুলোয় আমি নারীদের ভিন্ন ভিন্ন রূপ মেলে ধরব। নিজেকে একই ছাঁচে ঢালতে পছন্দ করি না। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
১৬ ডিসেম্বর ডিজনি-হটস্টারে আসছে ভূমির ‘গোবিন্দা নাম মেরা’। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিতে আরও আছেন কিয়ারা আদভানি।