ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান
ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান

এক যুগ পর শাহরুখ-ফারাহ, ফিরছে কি ‘ম্যায় হু না’

চলতি বছরের শেষে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’। এরপর কোন সিনেমা দিয়ে বলিউড বাদশাহ পর্দায় দেখা দেবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বলিউডে এবার গুঞ্জন, এক যুগ পর ফারাহ খানের পরিচালনায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। বলিউডের সফল এ জুটির পরবর্তী সিনেমা হিসেবে এগিয়ে আছে ব্যবসাসফল ‘ম্যায় হু না’–এর সিক্যুয়াল।

ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান। ছবি: ফেসবুক

শাহরুখ ও ফারাহ খানের যৌথ কাজের ইতিহাস বেশ সফল। ২০১৪ সালে সবশেষ মুক্তি পায় তাঁদের ‘হ্যাপি নিউ ইয়ার’, ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। এর আগে ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ও ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’—দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে ‘ম্যায় হু না’ দেশাত্মবোধ, অ্যাকশন, আবেগ ও হাস্যরসের মিশেলে একটি স্টাইলিশ বিনোদনমূলক চলচ্চিত্র হিসেবে আলাদা মানদণ্ড তৈরি করেছিল।

প্রায় দুই দশক পর এর সিক্যুয়েল ‘ম্যায় হু না ২’ নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে, তবে মূল ছবির আবহ বজায় রেখেই। সূত্রের দাবি, ফারাহ খান শাহরুখ খানের জন্য একটি ডাবল-রোল ধারণা তৈরি করেছেন, যা অভিনেতাকে বেশ উৎসাহিত করেছে। ছবিতে শাহরুখকে দুই বিপরীতধর্মী চরিত্রে দেখা যেতে পারে, যা আবেগ ও বিনোদনের মাত্রা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, ছবিটি দেশাত্মবোধের আবহে নির্মিত হবে এবং মূল কাস্টের কয়েকজন সদস্যকে ফেরানোর চেষ্টা চলছে। গল্পের কেন্দ্রে থাকবে ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকি—যেখানে অ্যাকশন ও কমেডির ভারসাম্য থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ছবির মূল গল্পের ধারণা এসেছে শাহরুখ খানের কাছ থেকেই, যা চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক।

‘ম্যায় হু না’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

শাহরুখের ব্যস্ত সূচির কারণে সময়সূচি নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, ২০২৬ সালের মে মাসে ‘কিং’ ছবির শুটিং শেষ করার পর তিনি ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ বর্ণনা শুনবেন এবং এরপর প্রকল্পটি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ জোরেশোরে চলছে।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হু না’ পরিচালনা করেছিলেন ফারাহ খান। গৌরী খান ও রতন জৈনের প্রযোজনায় নির্মিত ছবিটিতে সুশমিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। গল্পে দেখা যায়, মেজর রাম প্রসাদ শর্মা এক গোপন মিশনে কলেজছাত্র সেজে জেনারেলের মেয়েকে রক্ষা করতে যান।


পিঙ্কভিলা অবলম্বনে