মেয়ের হাতে ‘প্রেগন্যান্সি কিট’—আবার মা হচ্ছেন দীপিকা

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি—ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিউডজুড়ে আলোচনার কেন্দ্র। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। কোনো ক্যাপশন নয়—মূলত এই ছবির মাধ্যমেই সুখবরটি জানান অভিনেত্রী। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া মন্তব্য করেন, ‘কনগ্রেটস!’ যা দ্রুতই নজর কাড়ে। একই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্বামী রণবীর সিং। সেখানে কিয়ারা আদভানিসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে।

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, আবার মা হতে যাচ্ছেন দীপিকা। তবে তিনি নিজে বিষয়টি নিয়ে কিছু বলেননি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন একটি ছবির মাধ্যমেই। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্তদের।

এ ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা

২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু করেন দীপিকা ও রণবীর। দীর্ঘ ছয় বছরের দাম্পত্যে ২০২৪ সালে তাঁদের ঘরে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া। দুয়ার বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগেই আবারও নতুন অতিথির আগমনী ইঙ্গিত দিলেন এই দম্পতি।

কাজের ক্ষেত্রেও কিছুদিন ধরে আলোচনায় ছিলেন দীপিকা। সম্প্রতি শুটিংয়ের সময়সীমা আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার দাবি তুলে নতুন করে বিতর্কে জড়ান তিনি। পরিবার ও সন্তানকে সময় দেওয়ার বিষয়টি সামনে রেখে এই সিদ্ধান্তের কথা জানান অভিনেত্রী। এর জেরে ‘কল্কি ২’-এর মতো কিছু বড় বাজেটের প্রকল্প থেকে তাঁর সরে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও পরবর্তী সময় পরিচালক অ্যাটলির নতুন ছবিতে তাঁর থাকার খবর ভক্তদের স্বস্তি দেয়। পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়ও তাঁকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে রণবীর সিংয়ের ক্যারিয়ার এখন ঊর্ধ্বমুখী। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ‘হামজা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। পরিচালক আদিত্য ধরের এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, যা রণবীরকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার নতুন উচ্চতায়।

মেয়েকে নিয়ে রণবীর–দীপিকা

এর মাঝেই ব্যক্তিজীবনের এই সুখবর দম্পতির ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এখন তাঁর কাছে সবচেয়ে আনন্দের সময় কাটে মেয়ের সঙ্গে। প্রথম সন্তানের জন্মের পর বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়ে গেছে, দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন দীপিকা, নাকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও কিছুদিন কাজ চালিয়ে যাবেন? সেই উত্তর এখনো মেলেনি। কেননা, সরাসরি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি তাঁরা। যদিও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নেই ভক্তরা, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই পোস্ট ঘিরে এখন শুধুই আনন্দ আর শুভেচ্ছার মাতামাতি চলছে।