রীক্ষিত ও রাশমিকা। কোলাজ
রীক্ষিত ও রাশমিকা। কোলাজ

রাশমিকার বিয়েতে কি তাঁর সাবেক বাগ্‌দত্তা যাবেন

রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার বিয়ে ঘিরে যখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, তখনই নতুন বিতর্কের জন্ম দিলেন রাশমিকার সাবেক বাগ্‌দত্তা রীক্ষিত শেঠির ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা প্রমদ শেঠি। বিয়েতে আমন্ত্রণ না পাওয়া নিয়ে তাঁর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

‘আমন্ত্রণ পাইনি, পেলেই যাব’
২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর শহরে ঘনিষ্ঠ পরিসরে রাশমিকা ও বিজয়ের বিয়ে হওয়ার কথা রয়েছে। যদিও দুজনের কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবু সংবাদমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যম প্রমোদ শেঠির কাছে জানতে চায়, তিনি বিয়ের আমন্ত্রণ পেয়েছেন কি না। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, ‘এখনো রাশমিকার বিয়ের কার্ড পাইনি। পেলে অবশ্যই যাব। তবে আমরা জানি, সে আমাদের আমন্ত্রণ করবে না, এতে নতুন কিছু নেই।’

তাঁর এ মন্তব্য ও হাসির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাশমিকার ভক্তরা প্রমোদের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অনেকেই মনে করছেন, পুরোনো সম্পর্ক টেনে এনে এভাবে মন্তব্য করা অনুচিত।

সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি

একজন লিখেছেন, ‘দুঃখিত। আর কত বছর তাঁর নাম ব্যবহার করে প্রচার চাইবেন?’
আরেকজন মন্তব্য করেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেউ কি তাঁর সাবেক প্রেমিক বা বাগ্‌দত্তা ও তাঁর বন্ধুদের বিয়েতে আমন্ত্রণ জানায়?’

আরও একজন লেখেন, ‘যাঁরা তাঁকে হয়রানি করেছেন, অপমান করেছেন, তাঁদের কেন আমন্ত্রণ জানাবেন?’ আরেকটি পোস্টে বলা হয়, ‘এত বছর পরও অনেকে অতীত থেকে বেরোতে পারছেন না, অথচ তিনি ক্রমেই সফল হচ্ছেন।’
কেউ কেউ সরাসরি প্রমোদকে ‘সস্তা মন্তব্য’ করার অভিযোগও তোলেন।

পুরোনো সম্পর্কের অধ্যায়
রাশমিকার অভিনয়ে অভিষেক ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে। ছবিতে সহশিল্পী ছিলেন রীক্ষিত শেঠি। শুটিংয়ের সময়ই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের জুলাইয়ে বাগ্‌দান সম্পন্ন হয়। সে সময় রাশমিকার বয়স ছিল ২১, আর রীক্ষিতের ৩৪।

তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁরা বাগ্‌দান ভেঙে দেওয়ার ঘোষণা দেন। কারণ হিসেবে জানানো হয় ‘সমঝোতার অভাব’। সেই সময় রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল ও হয়রানির শিকার হন। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছিল যে তাঁকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানাতে হয়, তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং অযাচিত আক্রমণের মুখে পড়েছেন।

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নতুন অধ্যায়
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে হায়দরাবাদে নীরবে বাগ্‌দান সারেন রাশমিকা ও বিজয়। এবার উদয়পুরে ঘনিষ্ঠ আয়োজনে বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২৬ ফেব্রুয়ারির দিকেই এখন সবার নজর।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে