মুম্বাই থেকে অভিনেতা ইমরান খান আটক। কোলাজ
মুম্বাই থেকে অভিনেতা ইমরান খান আটক। কোলাজ

ভারতে অভিনেতা ইমরান খান আটক

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রতিবাদে সরব হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক পরিচিত মুখ। এদিকে গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ছিলেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিজেপি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধ করতে হবে।

প্রকাশ রাজের প্রশ্ন
আটক অভিযানের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কার্টুন শেয়ার করেছেন অভিনেতা প্রকাশ রাজ। ব্যঙ্গচিত্রশিল্পী সতীশ আচার্যের আঁকা সেই কার্টুনের সঙ্গে তিনি লেখেন, ‘নাগরিকদের ভিন্নমত প্রকাশ থেকে আর কত দিন পালাবেন?’ অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে আটক করার ঘটনায় একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন তিনি। প্রকাশ রাজের প্রশ্ন—তরুণদের বিমান কিংবা বাড়ি থেকে আটক করা হচ্ছে, এমনকি প্রতিবাদস্থলে পৌঁছাতেও দেওয়া হচ্ছে না—এ কেমন পরিস্থিতি?

অভিনেতার ভাষ্য, ‘আপনারা আমাদের কণ্ঠকে গ্রেপ্তার করেননি, নিজেদেরই গ্রেপ্তার করেছেন।’ গণতন্ত্রকে ধ্বংস করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রশ্ন তোলার লড়াই চলবে। প্রকাশ রাজ এর আগেও প্রতিবাদ কর্মসূচির অনুমতি না দেওয়া এবং দিল্লিতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

প্রকাশ রাজ। আইএমডিবি

অনুরাগের চোখে ‘লাখ লাখ সাহসী মানুষ’
পরিচালক অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দুই ভিতু, ৪০ হাজার দাস, লাখ লাখ সাহসী মানুষ।’ আন্দোলন ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও ধরপাকড়ের পরিপ্রেক্ষিতে তাঁর এই মন্তব্য। অন্য একটি পোস্টে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার লাইভ অনুসরণ করার আহ্বানও জানান তিনি। দিল্লি হাট এলাকায় কয়েক শ মানুষকে নিয়ে প্রতিবাদ শুরু করার পর নেহাকেও আটক করা হয় বলে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে।

বিশাল দাদলানির অভিযোগ, একজনকে রক্ষা করতে এত আয়োজন
সংগীতশিল্পী বিশাল দাদলানি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর দাবি, একজনকে রক্ষা করতে সরকার নিজের দেশের মানুষের প্রতিবাদ করার অধিকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। বিশাল বলেন, প্রতিবাদ দমনে ২৩টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার প্রসঙ্গও।

তাঁর অভিযোগ, একজনকে রক্ষা করার জন্য পুরো ব্যবস্থাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে নাগরিকদের প্রশ্ন তোলা উচিত। বিশাল এর আগেও সিজেপির প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানিয়েছিলেন। ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে সংগঠনটির কর্মসূচিতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমিও অংশ নিয়েছিলেন।

অনুরাগ কশ্যপ। নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

অপূর্ব আসরানি, শিরীষ কুন্দর ও বীর দাসও সরব
চলচ্চিত্র সম্পাদক ও নির্মাতা অপূর্ব আসরানি অভিজিৎ দিপকে, রত্না সিং ও ইউটিউবার ধ্রুব রাঠির আটকের প্রসঙ্গ তুলে লিখেছেন, ‘আমাকে বলুন, এটা স্বৈরাচার নয়।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘গণতন্ত্রের অবসান।’ পরিচালক শিরীষ কুন্দর প্রশ্ন তুলেছেন, নিজের দেশের মানুষের কাছ থেকে নিজেদের রক্ষা করতে বলপ্রয়োগ করতে হলে কত দিন টিকে থাকা সম্ভব? আরেকটি পোস্টে তাঁর বক্তব্য, শিশুরাও যখন কাউকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, তখন বুঝতে হবে যে মানুষ আর তাকে ভয় পাচ্ছে না। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনকারীদের আটকের নিন্দা জানিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখটের একটি কবিতার হিন্দি অনুবাদ শেয়ার করে প্রতিবাদকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

কৌতুকশিল্পী বীর দাস এক্সে ‘স্ট্রাইস্যান্ড এফেক্ট’-এর অর্থসংবলিত একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। কোনো বিষয় চাপা দেওয়ার চেষ্টা উল্টো সেটিকে আরও বেশি মানুষের নজরে নিয়ে এলে তাকে স্ট্রাইস্যান্ড এফেক্ট বলা হয়। তাঁর পোস্টের ইঙ্গিত ছিল, প্রতিবাদ ঠেকানোর পদক্ষেপের ফলে ঘটনাটি আরও বেশি আলোচনায় এসেছে।

মুম্বাইয়ে আটক অভিনেতা ইমরান খান
দিল্লির বাইরে মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে প্রতিবাদ। হিন্দুস্তান টাইমসের লাইভ আপডেট অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ছিলেন অভিনেতা ইমরান খান। তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ, আটকের পর কোথায় নেওয়া হয়েছে কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সিনেমার দৃশ্যে ইমরান খান। আইএমডিবি

সুনীল লাহিড়ির সতর্কবার্তা, মনোজ মুনতাশিরের প্রশ্ন
রামায়ণ সিরিজে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া সুনীল লাহিড়ি সরাসরি কোনো পক্ষের সমর্থনে না গিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে খুব সতর্কভাবে ও ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। একটি ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।’

অন্যদিকে, গীতিকার মনোজ মুনতাশির আন্দোলনের নেতৃত্ব ও উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছেন। প্রায় ৮ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে অভিযোগ তোলেন।
মনোজের দাবি, তরুণেরা ভোট চুরির অভিযোগ নিয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন, কিন্তু আন্দোলনের পেছনের তথ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাঁদের আরও জানা প্রয়োজন।

অভিজিৎ দিপকের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, আম আদমি পার্টির নির্বাচনী পরাজয়ের পর আবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে তরুণদের উদ্যম কাজে লাগানো হচ্ছে।

ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে