রাশমিকা ও বিজয়ের বিয়ের আনুষ্ঠানিকতা হবে উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস উদয়পুরে। কোলাজ
রাশমিকা ও বিজয়ের বিয়ের আনুষ্ঠানিকতা হবে উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস উদয়পুরে। কোলাজ

রাশমিকা–বিজয়ের বিয়ে, উদয়পুরের সেই হোটেলে এক রাত কাটাতে কত টাকা গুনতে হবে

রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুরে বসতে যাচ্ছে দক্ষিণের দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বহুল আলোচিত বিয়ে। ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে উদয়পুরের বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস উদয়পুরে।

আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি তার রাজকীয় স্থাপত্য, প্রশস্ত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। উদয়পুর শহরকেন্দ্র থেকে প্রায় ২৫–৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ভেন্যুতে প্রায় ১০০ জন অতিথি—দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।  

উদয়পুর, যা ‘লেক সিটি’ নামেও পরিচিত, একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড় মিলিয়ে শহরটির আবহ নিজেই যেন এক রূপকথা—সেই পটভূমিতেই সাজছে তারকাবিয়ের মঞ্চ।

সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি

বিলাসবহুল স্যুটের দাম কত?
রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য নাকি দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে—আরাবল্লী স্যুট; প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের এই স্যুট থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।
মেমেন্টোস স্যুট—এটি আরও প্রশস্ত, প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।

রাজকীয় আয়োজনের সঙ্গে মানানসই এই আকাশছোঁয়া ভাড়া ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বেড়েছে বলে জানা গেছে।

রাশমিকা ও বিজয়

শুরু হয়েছে প্রাক্-বিয়ের উৎসব
বিয়ের আগে শুরু হয়েছে নানা আয়োজন। ভেন্যুতেই আয়োজিত হয়েছে জমকালো পুল পার্টি, যেখানে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। ২৪ ফেব্রুয়ারি মেহেদি, ২৫ ফেব্রুয়ারি হলদি ও সংগীত অনুষ্ঠানের সূচি নির্ধারিত রয়েছে। এরপর ২৬ ফেব্রুয়ারি বসবে মূল বিয়ের আসর।

দক্ষিণি চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটিকে নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের কৌতূহল ছিল। অবশেষে উদয়পুরের পাহাড়ঘেরা রাজকীয় পরিবেশে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বিলাস, ঐতিহ্য আর ব্যক্তিগত পরিসরের মেলবন্ধনে এই তারকা বিয়ে নিঃসন্দেহে চলতি বছরের অন্যতম আলোচিত বিনোদন–আয়োজন হয়ে উঠতে যাচ্ছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে