
বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে হিন্দি সিনেমায় নাম লেখান দক্ষিণি অভিনেত্রী শান্তি প্রিয়া। এ জুটির প্রথম সিনেমা ‘সৌগন্ধ’ মুক্তি পেয়েছে ১৯৯১ সালে। ১৯৯৪ সালে ‘ইক্কে পে ইক্কা’ সিনেমাতেও পাওয়া গেছে এ জুটিকে।
‘ইক্কে পে ইক্কা’ সিনেমার দৃশ্যধারণের সময় অক্ষয় কুমার তাঁর গায়ের রং নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন শান্তি প্রিয়া।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিল, তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শান্তি প্রিয়া অভিযোগ করেন, ‘এটি খুব সংবেদনশীল বিষয়। আমি ভাবতে পারিনি, অক্ষয় কুমার সবার সামনে আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি কোথাও পড়ে গিয়েছিলে? আমি বললাম, না তো, কেন? এরপর তিনি বললেন, তোমার কনুই অনেক কালো।’
সেদিন কষ্ট পেয়েছিলেন শান্তি প্রিয়া, তবে সেটা প্রকাশ করেননি। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষণ্নতায় ভুগেছিলেন বলে জানান এই অভিনেত্রী।
তবে বিষয়টি নিয়ে অক্ষয় কুমারের মধ্যে কোনো অনুশোচনা তিনি দেখেননি বলেও জানান।
শান্তি প্রিয়ার ভাষ্যে, ‘অক্ষয় আমাকে বলেছেন, ‘আমি তোমার সঙ্গে মজা করছিলাম। বিষয়টিকে সিরিয়াসলি নিয়ো না।’
শান্তি প্রিয়াকে হিন্দি সিনেমায় এখন খুব একটা পাওয়া যায় না, মাঝেমধ্যে দুয়েকটা সিনেমায় দেখা যায় তাঁকে। গত বছর এমএক্স প্লেয়ারে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ধারাবি ব্যাংক’–এ সুনীল শেঠির বিপরীতে কাজ করেছেন শান্তি প্রিয়া।