প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট প্রকাশ
প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট প্রকাশ

প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট প্রকাশ, প্রেমের শুরুটা এভাবে

হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে গায়ক-অভিনেতা নিক জোনাস কীভাবে প্রেমে জড়ালেন, এমনটা জানার আগ্রহ কার নেই! সম্প্রতি সেই আগ্রহের অবসান ঘটিয়েছেন নিক জোনাস নিজেই। ১০ বছর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে সরাসরি পাঠানো প্রথম বার্তার কথা প্রকাশ করার সময় সেখানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা নিজেও।

স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। রয়টার্স

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্প শুরু হয়েছিল এক্সে (সাবেক টুইটার) সরাসরি একটি বার্তা পাঠানোর মাধ্যমে। ‘বারানসি’ ছবির এই অভিনেত্রী ও নিক সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট শো ‘হে জোনাস!’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই নিক জোনাস এক্সে তাঁদের প্রথম কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন এবং কীভাবে তাঁদের ডেটিং শুরু হয়েছিল, তা বিস্তারিত জানান।

ঘটনার শুরু
নিক জোনাস জানান, তাঁর ভাই কেভিন জোনাস তাঁকে প্রিয়াঙ্কা চোপড়ার অভিষেক হলিউড শো ‘কোয়ান্টিকো’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নিক এই শোর একটি বিলবোর্ড দেখেছিলেন, এরপর বাড়ি গিয়ে এক্সে প্রিয়াঙ্কা চোপড়াকে খুঁজতে থাকেন।
পডকাস্টে নিক প্রিয়াঙ্কার উদ্দেশে বলেন, ‘কেভিন আমাকে বলেছিল, তুমি এবিসির “কোয়ান্টিকো” সিরিজটা দেখেছ? আমি বললাম, না দেখিনি। এরপর ও যখন সিরিজটির কথা বলছিল, তখন আমি সানসেট বুলেভার্ডে তাকিয়ে দেখি, তোমার মুখের একটি বিশাল বিলবোর্ড। তখন আমি ভাবলাম, টুইটারে (বর্তমানে এক্স) গিয়ে দেখি তো ও আমাকে ফলো করে কি না। দেখলাম, তুমি আমাকে ফলো করো। এরপরই আমি তোমাকে সরাসরি একটি বার্তা পাঠাই।’

তখন প্রিয়াঙ্কা বলেন, ‘এটা সত্যিই দারুণ এক কাকতালীয় ঘটনা। কারণ, কেভিন আর আমি একই ধরনের শো পছন্দ করি, কিন্তু নিক আর আমার পছন্দের শো কখনোই এক হয় না।’

২০১৭ সালের মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

পডকাস্টে প্রিয়াঙ্কা ও নিক তাঁদের প্রথম কথোপকথনের একটি স্ক্রিনশটও দেখান। নিকের প্রথম বার্তাটি ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’
নিকের বার্তার জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই...গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

পডকাস্টে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘ও নিশ্চিত হতে চেয়েছিল যে এটি আসলেই আমি কি না। তাই ও আমার কাছে টাইম স্ট্যাম্প ক্যামেরার দিকে তাকিয়ে থাকা মুহূর্তের একটি ছবি চেয়েছিল। আমারও ওর এই বুদ্ধিটা ভালো লেগেছিল। ওটা ছিল একটা ফ্যাশন শোর পরের ঘটনা। সেদিন আমাকে বেশ মিষ্টি লাগছিল।’

‘তাই আমরা টেক্সট করা শুরু করলাম। এর প্রায় দেড় বছর পর আমরা ডেটিং শুরু করি এবং অবশেষে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়,’ গল্পটা শেষ করে বলেন নিক জোনাস।

বলিউড গসিপের গোপন অনুসারী
নিক নাকি প্রিয়াঙ্কার চেয়ে বেশি বলিউড গসিপ সম্পর্কে খোঁজ রাখেন, এমনটাই জানিয়েছেন ‘বরফি’ অভিনেত্রী। এ সময় নিক বলেন, ‘এই আট বছরে আমি সবচেয়ে বেশি যা উপভোগ করেছি, তা হলো বলিউডের গসিপ।’

এ সময় প্রিয়াঙ্কা হেসে যোগ করেন, ‘এটা কিন্তু একদম সত্যি। এমনকি কারও ব্রেকআপ হয়েছে কি না, তা আমি না জানলেও ও ঠিকই জানে। সাধারণত এমনটা ঘটে যখন আমি কাউকে মেসেজ করতে গিয়ে বলি, “আরে, ওদের আমার ভালোবাসা জানিয়ো”, তখন ও সঙ্গে সঙ্গে বলে ওঠে, “না, ওদের ব্রেকআপ হয়ে গেছে।”’

নিক জোনাস আরও একটি মজার তথ্য শেয়ার করেন। তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে এমন কয়েকটি অ্যাকাউন্ট আছে, যেগুলো আমি গোপনে ফলো করি। সেখানে দারুণ সব মুখরোচক গল্প থাকে। সব সময়ই এমন কিছু গল্প বা ঘটনা চলতে থাকে, যেগুলোর আপডেট অনুসরণ করতেই হয়।’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

নিক ও প্রিয়াঙ্কার পথচলা
প্রিয়াঙ্কাকে সরাসরি প্রথম বার্তা পাঠানোর ঘটনাটি ঘটে ২০১৬ সালে। এরপর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারস আফটার-পার্টিতে তাঁদের প্রথম সরাসরি দেখা হয় এবং ২০১৮ সালে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান।

ওই বছরের জুলাইয়ে গ্রিস সফরে গিয়ে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর ২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতেই তাঁদের বিয়ে হয়।

২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে নিক-প্রিয়াঙ্কার কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। এই দম্পতি নিয়মিতই তাঁদের পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।


তথ্যসূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি