কপিল শর্মার অনুষ্ঠানে সিধু ও মালাইকা। ভিডিও থেকে
কপিল শর্মার অনুষ্ঠানে সিধু ও মালাইকা। ভিডিও থেকে

মালাইকাকে দেখে সিধু বললেন ‘দুষ্টু’

বলিউড তারকা মালাইকা অরোরা শিগগিরই হাজির হচ্ছেন জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’র নতুন পর্বে। ইতিমধ্যে প্রকাশিত একটি প্রোমোতে দেখা গেছে, মালাইকার সঙ্গে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনেতা রবি কৃষান ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ অরহান আওয়াত্রামানি।

প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কারণ, সেই ঝলকে কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে মালাইকার মজার কথোপকথন এবং তাতে অতিথি বিচারক নবজ্যোত সিং সিধুর মন্তব্য দর্শকদের দৃষ্টি কেড়েছে।

প্রকাশিত ভিডিওতে অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে মজার মন্তব্য করেন। তিনি বলেন, রবি কিষান ও অরহান—দুজনই মুম্বাইয়ের বাসিন্দা হলেও তাঁদের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা।
কপিল মজা করে বলেন, ‘রবি একেবারে খাঁটি দেশি মানুষ, নিজের মাটির সঙ্গে লেগে থাকেন। আর অরহান যাদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গেই লেগে থাকেন।’ অরহানের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তোলার অভ্যাসকে ইঙ্গিত করেই এ মন্তব্য করেন তিনি।

সিধুর সঙ্গে মালাইকা। ভিডিও থেকে

প্রোমোর আরেকটি অংশে দেখা যায়, সুনীল গ্রোভার তাঁর স্বভাবসুলভ কৌতুকভঙ্গিতে মালাইকার সঙ্গে মজা করছেন। সেই মুহূর্তে পুরো সেটেই হাসির রোল পড়ে যায়। এই দৃশ্য দেখে নবজ্যোত সিং সিধু মজা করে মালাইকাকে ‘দুষ্টু’ বলে মন্তব্য করেন। তাঁর মন্তব্যে দর্শক ও উপস্থিত অতিথিরা আরও হাসিতে ফেটে পড়েন।

এই মৌসুমে অনুষ্ঠানটির অতিথি তালিকায় বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। চলচ্চিত্র তারকা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। ফলে দর্শকদের জন্য প্রতিটি পর্বেই নতুন ধরনের বিনোদন তৈরি হচ্ছে।

প্রকাশিত প্রোমোতেই বোঝা যাচ্ছে, মালাইকা অরোরা, রবি কিষান ও অরহানের উপস্থিতিতে পর্বটি বেশ জমজমাট হতে যাচ্ছে। হাস্যরস, খুনসুটি আর তারকাদের মজার কথোপকথনে ভরপুর এই পর্বের অপেক্ষায় এখন দর্শকেরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে