আমিরের তৃতীয় বিয়েতে ছিলেন না কিরণ ও রীনা। কোলাজ
আমিরের তৃতীয় বিয়েতে ছিলেন না কিরণ ও রীনা। কোলাজ

তৃতীয় বিয়েতে সাবেক স্ত্রীদের না আসার কারণ জানালেন আমির খানের বন্ধু

৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আমির খান। গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন এই বলিউড অভিনেতা। ঘরোয়া আয়োজনে এ বিয়ের অনুষ্ঠানে আমির খানের মা, বোন ও সন্তানেরা উপস্থিত থাকলেও ছিলেন না সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও।

রীনা ও কিরণের অনুপস্থিতি নিয়ে নানা তত্ত্ব শোনা গেলেও আসল কারণ জানিয়েছেন আমিরের দীর্ঘদিনের বন্ধু, ‘লগান’ ছবির সহ-অভিনেতা আমিন হাজি। সম্প্রতি রেডিফকে দেওয়া সাক্ষাৎকারে আমিন জানান, কিরণ রাও বিয়ের সময় যুক্তরাজ্যে ছিলেন।

‘কিরণ তখন যুক্তরাজ্যে ছিলেন। তবে আজাদ (তাঁদের ছেলে) বিয়ের জন্য ভারতে ফিরে এসেছিল,’ বলেন আমিন।

রীনা দত্তর অনুপস্থিতি নিয়ে আমিন জানান, সেটিকে সম্পর্কের টানাপোড়েন হিসেবে দেখা ঠিক হবে না। ‘সব অনুপস্থিতির পেছনে কোনো নেতিবাচক কারণ থাকে না। অনেক সময় কাউকে নিজের পরিসর দেওয়া, তাকে স্বস্তিতে থাকতে দেওয়া, এটাও ভালোবাসা ও সম্মানের প্রকাশ। এমন গুরুত্বপূর্ণ দিনে কাউকে অস্বস্তিতে ফেলতে কেউ চায় না,’ বলেন আমিন।

আমিনের ভাষ্য, ব্যক্তিগত সম্পর্ক বদলালেও পেশাগত সম্পর্ক অটুট রয়েছে। তিনি বলেন, ‘তাদের মধ্যে এখনো খুবই সুস্থ সম্পর্ক রয়েছে। পানি ফাউন্ডেশনের মাধ্যমে আমির, সত্যজিৎ ভাটকাল, কিরণ ও রীনা এখনো একসঙ্গে কাজ করেন।’
আমিন একটি ব্যক্তিগত ঘটনাও স্মরণ করেন। রীনা দত্তর বাবা মারা গেলে আমির নিজেই শেষকৃত্যের ব্যবস্থা করতে এগিয়ে আসেন।

‘রীনা তখন ভ্রমণে ছিলেন। আমির আমাকে ও করিমকে সাহায্যের জন্য বলেছিলেন। তিনি নিজে শেষকৃত্য পর্যন্ত সেখানে ছিলেন,’ বলেন আমিন।
আমিন হাজির ভাষ্য অনুযায়ী, বিয়েতে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল না। তিনি বলেন, ‘কোনো সংগীত, মেহেদি বা প্রচলিত বিয়ের আচার ছিল না। আমরা শুধু একসঙ্গে বসেছি, গল্প করেছি, হেসেছি, সময় কাটিয়েছি।’

বিয়ের আগের সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল দুই পরিবারের পরিচিতি পর্ব। সেখানে গৌরীর পরিবারের সদস্যদের সঙ্গে আমিরের বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আমিন বলেন, ‘মনে হচ্ছিল না প্রথমবার দেখা হচ্ছে। মনে হয়েছে যেন বহু বছরের পরিচয়। তারা অত্যন্ত আন্তরিক ও ভালো মানুষ।’

গৌরীর বাবা রবার্ট বব স্প্র্যাট, ভাই, বোন, মেয়ে শওনাসহ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এক্স থেকে

আমিন বলেন, ‘গৌরীর বাবা মোটরবাইক চালাতে ভীষণ ভালোবাসেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। পুরো পরিবারই অত্যন্ত সফল, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নেই। তারা আমিরকে খুব ভালোবাসে এবং তাকে নিয়ে গর্বিত।’
সাক্ষাৎকারে আমিন হাজি বলেন, ব্যক্তিগত জীবনে আমির খান অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। তাঁর মতে, মানুষ অনেক সময় আমিরের একাধিক বিয়ে নিয়ে রসিকতা করলেও বাস্তবতা অনেক বেশি জটিল।

আমিন বলেন, ‘একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য কখনোই এক পক্ষকে দায়ী করা যায় না। সম্পর্ক বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়।’
আমিনের মতে, আমিরের কাজের প্রতি অতিরিক্ত নিবেদনও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে।

‘যে মানুষ নিজের কাজের মধ্যে এতটাই ডুবে থাকে, তার সঙ্গে থাকা মানুষের কখনো কখনো অবহেলিত মনে হতে পারে,’ বলেন আমিন হাজি।
তবে আমিন জোর দিয়ে বলেন, আমির সব সময় তাঁর বিবাহিত সম্পর্ককে সম্মান করেছেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বিচ্ছেদের পরও সাবেক পরিবার ও সন্তানদের প্রতি দায়িত্ব থেকে সরে যাননি।

রীনা দত্তকে বিয়ে করেন ১৯৮৬ সালে। তাঁদের দুই সন্তান জুনাইদ ও ইরা খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০৫ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাঁদের ছেলে আজাদ। ২০২১ সালে আলাদা হলেও দুজন এখনো যৌথভাবে ছেলের দায়িত্ব পালন করছেন।

এরপর দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ৫ জুলাই নিবন্ধন সম্পন্ন করে বিয়ে করেন আমির। গৌরীর আগের সংসারের পাঁচ বছর বয়সী এক ছেলে কুইন রয়েছে।

প্রায় ১৫০ জন অতিথির উপস্থিতিতে আয়োজিত এ ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন আমিরের সন্তান জুনাইদ, ইরা, জামাতা নূপুর শিখরে, পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি, মুকেশ আম্বানি, রাজ ঠাকরে, ইরফান পাঠান, বীর দাস, এলি আব্রামসহ চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের ঘনিষ্ঠজনেরা।

ইন্ডিয়া টুডে অবলম্বনে