বলিউডে সিনেমা মুক্তির আগেই আয়—এটা নতুন নয়, কিন্তু এবার বিষয়টা অন্য মাত্রা পেল। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ মুক্তির আগেই প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে, যা একে বছরের সবচেয়ে বড় প্রি-রিলিজ সাফল্যগুলোর একটি করে তুলেছে।
মুক্তির আগেই ‘হিট’ হওয়ার গল্প
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই বহুল প্রতীক্ষিত ছবিটি এখনো প্রেক্ষাগৃহে আসেনি, কিন্তু ব্যবসায়িক দিক থেকে ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। জানা গেছে, ভারতের ডিস্ট্রিবিউশন কোম্পানি পেন মারুধর ছবিটির অল-ইন্ডিয়া থিয়েট্রিক্যাল রাইটস কিনেছে প্রায় ২৫০ কোটি রুপিতে।
ছবির মোট বাজেট ধরা হচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। অর্থাৎ মুক্তির আগেই বাজেটের অর্ধেকের বেশি উঠে এসেছে। এ ধরনের বড় ডিল সাধারণত শুধু সুপারস্টার-কেন্দ্রিক প্রজেক্টেই দেখা যায় আর এখানে সেই সুপারস্টার হলেন শাহরুখ খান।
শাহরুখ ফ্যাক্টর
এই বিশাল চুক্তির পেছনে শুধু গল্প বা নির্মাণ নয়, বড় ভূমিকা রেখেছে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে পেন মারুধরের দীর্ঘ সম্পর্ক রয়েছে। আগে তারা ‘জওয়ান’, ‘ডানকি’, ‘জিরো’, ‘বদলা’ ইত্যাদি সিনেমা মুক্তি দিয়েছে।
এ ধারাবাহিক সাফল্য ডিস্ট্রিবিউটরদের মধ্যে আস্থা তৈরি করেছে, ফলে বড় অঙ্কের বিনিয়োগ করতে তারা দ্বিধা করছে না। এমনকি যশ রাজ ফিল্মস বা ধর্মা প্রোডাকশনসের মতো বড় ব্যানারও এ ছবির রাইটস পেতে আগ্রহ দেখিয়েছিল।
গল্প, তারকা আর দুই টাইমলাইনের চমক
‘কিং’ শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, গল্প ও কাস্টিংয়েও আগ্রহ তৈরি করেছে। ছবিতে একজন মেন্টর ও তার শিষ্যের লড়াইয়ের গল্প দেখানো হবে, যেখানে দুই ভিন্ন টাইমলাইনে একই চরিত্রে দেখা যাবে শাহরুখকে—তরুণ ও পরিণত দুই বয়সে।
ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ার্সি। সবচেয়ে বড় চমক—এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের, যিনি এর আগে ‘দ্য আর্চিজ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন।
বড়দিনে বড় লড়াই
২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা করা হয়েছে ছবিটির। তবে সময়টা সহজ নয়—একই সময়ে হলিউডের বড় বাজেটের ছবি, যেমন ‘জুমানজি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন ৩’ মুক্তির কথা রয়েছে। ফলে বক্স অফিসে প্রতিযোগিতা হবে তীব্র।
ইন্ডিয়া ডটকম অবলম্বনে