সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও আদিল হুসেইন। কোলাজ
সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও আদিল হুসেইন। কোলাজ

২০০ কোটি দিলেও ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করতেন না আদিল

‘অ্যানিমেল’ ছবি ঘিরে নানা তর্ক–বিতর্ক চলতেই থাকে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রায়ই তাঁর এই ছবির কারণে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে বলিউড অভিনেতা আদিল হুসেইনের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়েছিল। এই বিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আদিল আবার আক্রমণ করেছেন সন্দীপকে।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘কবির সিং’ ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত এই ছবিতে আদিল হুসেইনকে এক অধ্যাপকের চরিত্রে দেখা গিয়েছিল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আদিল ‘কবির সিং’ ছবিতে অভিনয় করার জন্য আফসোস প্রকাশ করেছিলেন। এক পডকাস্ট চ্যানেলকে সাক্ষাৎকারের সময় আদিল বলেছিলেন যে ‘কবির সিং’ তাঁর ক্যারিয়ারের একমাত্র ছবি, যাতে অভিনয় করার জন্য আজও তাঁর অনুশোচনা হয়।

অভিনেতা বলেছিলেন যে সেই সময় ব্যস্ততার কারণে উনি ছবির গল্প পুরো না শুনে ‘কবির সিং’ ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন। আদিল আশা করেছিলেন যে ছবিটি ভালো হবে। কিন্তু ‘কবির সিং’ মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহে দেখে তিনি হতাশ হয়েছিলেন। আর এমন এক ছবিতে অভিনয়ের কারণে আদিল রীতিমতো লজ্জিত বলে জানিয়েছেন।

‘কবীর সিং’ সিনেমায় আদিল হুসেইন। আইএমডিবি

এদিকে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা মোটেও চুপ করে বসে থাকেননি। তিনি এর জবাবে আদিলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, ‘আপনার আস্থাভাজন ৩০টি আর্ট ফিল্ম আপনাকে অতটা পরিচিতি দেয়নি, যে ছবিটি করে আপনি অনুতপ্ত, সেই ছবিটি আপনাকে দিয়েছিল। আপনার লোভ আপনার আবেগের থেকে বেশি জেনে এই ছবিতে আপনাকে নেওয়ার জন্য এখন আমার আফসোস হয়। এখন আপনার মুখ এআইয়ের সাহায্যে বদলে এই লজ্জা থেকে আপনাকে মুক্তি দিতে চাই। এবার তো একটু হাসুন।’

‘অ্যানিমেল’ ছবির দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে

আদিল এত দিন চুপ করে বসে ছিলেন। তবে তিনি মোটেও ছাড়ার পাত্র নন। এক সাক্ষাৎকারে আদিলের থেকে এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। অভিনেতা এর প্রত্যুত্তরে বলেন, ‘এ প্রসঙ্গে আমি কী-ই বা বলতে পারি। ওনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক জবাব দিতেই পারি। তবে উনি যদি নিজেকে তাইওয়ানি চলচ্চিত্র পরিচালক এংগ লি-র থেকে বেশি জনপ্রিয় মনে করেন, তাহলে ওনাকে কী বলব, তা আমার জানা নেই। এটা অনেক দুর্ভাগ্যজনক যে উনি তা মনে করেন।’ আদিল আরও বলেন, ‘উনি এমন জবাব রেগে গিয়ে দিয়েছিলেন। আর আমার মন্তব্যে উনি প্রতিক্রিয়া দিতে চেয়েছিলেন। আমি ওনার এই মন্তব্যকে সিরিয়াসলি নিইনি।’

‘অ্যানিমেল’ ছবির প্রসঙ্গ টেনে আদিল বলেন, ‘আমি এখন পর্যন্ত “অ্যানিমেল” ছবিটি দেখিনি। আমাকে যদি এই ছবির কোনো চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হতো, তখনো আমি করতাম না। আমাকে ১০০ থেকে ২০০ কোটির প্রস্তাব দিলেও আমি করতাম না।’
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কবির সিং’ ছবিটি ৩৭৯ কোটি আয় করেছিল। এদিকে ‘অ্যানিমেল’ ছবি থেকে নির্মাতাদের ঝুলিতে গিয়েছিল ৯১৭ কোটি।