
জন্মদিনের বাকি আর কয়েকটা দিন। তার কিছুদিন আগেই নিজের স্টুডিও থেকে উদ্ধার করা হলো আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের ঝুলন্ত দেহ। তাঁর অপমৃত্যু নিয়ে চলছে জল্পনা–কল্পনা। এবার জানা গেল তাঁর মৃত্যুর কারণ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন নীতীন চন্দ্রকান্ত দেশাই। খবর টাইমস অব ইন্ডিয়ার
চূড়ান্ত প্রতিবেদনের জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় ছিলেন পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে একই কথা। প্রতিবেদনে জানা যায়, গলায় ফাঁস লেগেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।
সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন চারবার জাতীয় পুরস্কার পাওয়া এই আর্ট ডিরেক্টর আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন। জানা গেছে, অনেক টাকা ঋণ ছিল নীতীনের। এর পরিমাণ প্রায় ২৫২ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ৩৩৪ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, এত টাকার ঋণের বোঝা সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। এই ঋণের খবর নিশ্চিত করেছেন নীতীনের বন্ধু বিজেপি নেতা বিনোদ তাওর।
২০০৫ সালে নীতীন করজাতে ৫২ একর জমির ওপর নির্মাণ করেন এনডি স্টুডিও। এই স্টুডিওতে নির্মাণ করা হয়েছে অসংখ্য সিনেমার সেট।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যোধা আকবর’। ‘লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’–এর মতো আরও অনেক সিনেমার জমকালো সেট নির্মাণ করেছিলেন তিনি। শুধু সিনেমা নয়, ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোয়ের আসর বসেছিল এই এনডি স্টুডিওতে। ২০১৬ সালে এই স্টুডিও বন্ধক রেখে এই বিপুল পরিমাণ অর্থ ঋণ নেন নীতীন। এই অর্থ তিনি শোধ করতে পারেননি।
নীতীন দেশাই তাঁর ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। অসংখ্য ব্লকবাস্টার হিন্দি সিনেমার নেপথ্য নায়ক ছিলেন তিনি। মাত্র ৫৭ বছর বয়সে তিনি এই রঙিন দুনিয়া থেকে বিদায় নেন।