
এক রাতেই ‘বিগ বস ১৬’জয়ী এমসি স্ট্যানের ভাগ্যের চাকা ঘুরে গেছে। বিগ বস হাউসে জনপ্রিয়তার নিরিখে এই হায়দরাবাদি র্যাপার প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন। কিন্তু বিগ বস জয়ের পর এমসি স্ট্যানের জনপ্রিয়তা হু-হু করে বেড়ে গেছে। এই তরুণ ইনস্টা লাইভে আসার পর তা আরও বেশি করে ধরা পড়েছে। এমসি স্ট্যান এক রিল পিছু কত টাকা কামান, তা-ও ফাঁস হয়েছে।
গত রোববার রাতের পর এমসি স্ট্যানের কপাল পুরোপুরি খুলে গেছে। এই রাতে তাঁর মাথায় উঠেছিল ‘বিগ বস ১৬’- র মুকুট। এখন তাঁর সাক্ষাৎকারের জন্য গণমাধ্যম ভিড় করছে।
আগামী দুই মাস সারা দেশ ঘুরে নানা শহরে লাইভ অনুষ্ঠান করবেন এমসি স্ট্যান। মুম্বাই, পুনে, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, নাগপুর, আহমেদাবাদ, জয়পুর, দিল্লিতে তিনি পারফর্ম করবেন। জানা গেছে, ইতিমধ্যে তাঁর সঙ্গে আমাজন মিনি টিভি এক বড়সড় চুক্তি করেছে। এ ছাড়া ফ্যাশন, মিউজিক, অ্যাকসেসরিজ, গেমিং আর ই-স্পোর্টসসহ প্রায় ২০টি ব্র্যান্ড এমসি স্ট্যানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছে।
জানা গেছে, এই প্রখ্যাত ব্র্যান্ডগুলো এক দিনে ৮ থেকে ১০ লাখ রুপি দিতেও প্রস্তুত।
এমসি স্ট্যান একটা রিল পিছু, যা আয় করেন, তা শুনলে অবাক হতে হবে। এই র্যাপার একটা রিলের জন্য নেন ১৮ থেকে ২৩ লাখ রুপি! একটা ইন্সটা স্টোরির জন্য দাবি করেন পাঁচ থেকে সাত লাখ। তবে এই অঙ্কটা বিগ বস জয়ের আগের। জানা গেছে, এবার এমসি স্ট্যান এই অঙ্ক প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বাড়িয়ে দেবেন।
বিগ বস হাউসের বাইরে এসে এমসি স্ট্যান ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন। আর বিগ বসের পর এটা তাঁর প্রথম লাইভ ছিল। এই তরুণ র্যাপার লাইভে এসে রীতিমতো হুলুস্থূল ফেলে দিয়েছেন। তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন।
এমসি স্ট্যানের লাইভে ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ যুক্ত হয়েছিলেন। তিনি এ ব্যাপারে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানকে টেক্কা দিয়েছেন। এর আগে কিং খানের লাইভে ২ লাখের বেশি মানুষ যুক্ত হয়েছিলেন। আর এমসি স্ট্যান শাহরুখের রেকর্ড ভেঙে দিয়ে এক নতুন নজির সৃষ্টি করলেন। ভারতীয় তারকাদের মধ্যে এ ব্যাপারে তিনি-ই এগিয়ে। এই ব্যাপারে এমসি স্ট্যান প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘আপনাদের সবার প্রার্থনায় সম্ভব হয়েছে।’
‘বিগ বস ১৬’ জয়ী হিসেবে এমসি স্ট্যান ৩১ লাখ ৮০ হাজার নগদ আর একটা ঝাঁ–চকচকে গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন।