এবার উচ্চ আদালতে সালমান, কেন?

পানভিলের বাগানবাড়িতে সালমান
ছবি : সংগৃহীত

সালমান খানের পানভিলের বাগানবাড়ির প্রতিবেশী কেতন কাক্কড়ের সঙ্গে ঝামেলার সূত্রপাত মাস কয়েক আগে। কেতন অভিনেতার বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ এনে কয়েকটি ভিডিও পোস্ট করেন, যা নিয়ে প্রথমে আলাপ-আলোচনা করে মিটমাটের চেষ্টা করেছেন সালমান। সমাধান না হওয়ায় গেছেন আদালতে। সেখানেও কাজ না হওয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে এবার হাইকোর্টে অভিযোগ করলেন সালমান। গতকাল শুক্রবার বম্বে হাইকোর্টে তাঁর ভাষায় আপত্তিকর ভিডিওগুলো সামাজিকমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেন। খবর এনডিটিভির।

সালমান খান

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে কেতন অভিযোগ করেন, পান ভিলেন বাগানবাড়িতে বিভিন্ন বেআইনি কাজ করেন সালমান। যার একটি মানব পাচার ও অঙ্গ পাচার। দাউ ইব্রাহিমপুর আন্ডার ওয়ার্ল্ডের অনেকের সঙ্গেই তাঁত ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এ ছাড়া ভিডিওতে কেতন বলেন, সালমান নিজেকে মুঘল সম্রাট আওরঙ্গজেব বা বাবারের সঙ্গে তুলনা করেন। তিনি গণেশা মন্দির বন্ধ করে দিতে চান।

বাগানবাড়ির ভেতরে সালমান ঘোড়ায় চড়ে বেড়ান, ধান চাষ করেন। ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করেন

ভিডিওগুলো পোস্ট করার পর স্বভাবতই ভীষণ রেগে যান সালমান। প্রথমে তিনি কেতনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কাজ না হওয়ায় যান আদালতে। তিনি সামাজিকমাধ্যম থেকে ভিডিওগুলো সরিয়ে নেওয়ার আবেদন করেন। কিন্তু চলতি বছরের মার্চ মাসে আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। গত শুক্রবার তাই বম্বে হাইকোর্টে আবেদন করলেন অভিনেতা। ভিডিওগুলো সরিয়ে নেওয়ার আবেদনসহ তিনি কেতনের বিরুদ্ধে প্রতিহিংসা উসকে দেওয়ার অভিযোগ এনেছেন। মামলাটি ২২ আগস্ট শুনানির দিন ধার্য করেছে বম্বে হাইকোর্ট।

সালমান খান

সালমানের আইনজীবী বলেন, ভিডিওগুলো লাখ লাখ দর্শক দেখেছেন এবং সালমানের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এর মাধ্যমে সালমানের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়া হচ্ছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।