ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর পর সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানের সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এর মধ্যে মৃত্যুর আগে তুনিশা শর্মা অন্তঃসত্ত্বা ছিলেন বলে যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
মুম্বাইতে একটি সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যে আজ রোববার মুম্বাইয়ের জে জে হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না। গলায় ফাঁস দেওয়ায় শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
আজ শেজান মোহাম্মদ খানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন তুনিশার মা। শেজানকে গ্রেপ্তারের পর চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভাসাইয়ের একটি আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তুনিশা ও শেজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা, যা তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছে তাঁর পরিবার। বিভিন্ন সূত্র জানিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তুনিশা ও শেজানের মধ্যে ঝগড়া হয়। এমনকি সেটি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত।
টিভি সিরিয়াল ‘আলিবাবা: দস্তান-ই-কাবুল’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন শেজান। একই ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশাও।
মাত্র ১৪ বছর বয়সে ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তুনিশা।
পরে ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘গাব্বার পুঞ্চওয়ালা’, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’, ‘ইন্টারনেটওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি পান তিনি।
২০১৬ সালে ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটে তুনিশার। পরে ‘দাবাং–৩’, ‘বারবার দেখো’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তুনিশাকে। তবে সিনেমার চেয়ে সিরিয়ালেই তিনি বেশি জনপ্রিয়। এই সময়ে প্রচারের থাকা ‘আলিবাবা: দস্তান-ই-কাবুল’ সিরিয়ালে শেহজাদি মরিয়মের চরিত্রে দেখা যায় তুনিশাকে।