সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয়

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তিনি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। অথচ জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তে নিজেই নাকি বেশ নার্ভাস ছিলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রেমিকা সামরিন কৌরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার সেই সামরিনের সমর্থনকেই নিজের মাঠের পারফরম্যান্সের অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করলেন এই ক্রিকেটার।

গতকাল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ। তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান ম্যাচসেরার পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন আর্শদীপ। তখনই হবু স্ত্রী সামরিনের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বলেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই অনেক সদয়। আমি খুব ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি। সে আমাকে সব সময় সমর্থন করে এবং সঠিক মানসিকতা ধরে রাখতে সাহায্য করে। তাই আমার সাফল্যের কৃতিত্বের বড় একটা অংশ তারও প্রাপ্য। মাঠে আমি কেমন পারফর্ম করব, তা অনেকটাই নির্ভর করে মাঠের বাইরে আমি কীভাবে নিজেকে পরিচালনা করছি, তার ওপর।’

আর্শদীপ আরও জানান, সামরিনের উপস্থিতি তাঁর জন্য বাড়তি আনন্দের। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে হবু স্ত্রীকে দেখতে পাওয়াটা ছিল অন্য রকম অনুভূতি। প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারত না। আমি বেশ নার্ভাস ছিলাম, তবে চারপাশের সুন্দর পরিবেশ আমাকে সাহায্য করেছে। সব মিলিয়ে অনুভূতিটা দারুণ।’

সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নিউজিল্যান্ডের সৈকতে প্রেমের প্রস্তাব
আর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তবে ১১ নভেম্বর সেই সম্পর্কের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের সমুদ্রসৈকতে সামরিনকে বিয়ের প্রস্তাব দেন আর্শদীপ। পরে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কয়েকটি ছবি প্রকাশ করেন।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে আর্শদীপ ও সামরিন লেখেন, ‘জীবন আমাদের যত কিছুই দিতে পারত, তার মধ্যে একে অপরকে পাওয়াটাই সবচেয়ে আনন্দের। একসঙ্গে সারা জীবন কাটানোর জন্য।’ ক্যাপশনের শেষে তারিখ উল্লেখ করেন ১১.১১.২০২৬।
সৈকতের মনোরম পরিবেশে আর্শদীপের সেই প্রস্তাবের ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনুসারীদেরও নজর কাড়ে এ খবর।

কে এই সামরিন কৌর?
আর্শদীপের হবু স্ত্রী সামরিন কৌর অভিনেত্রী ও মডেল। বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পরিচিতি রয়েছে। আর্শদীপের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে ভক্তদের।
সামরিন কৌরের জন্ম জম্মু-কাশ্মীরে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ও মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে বিনোদন অঙ্গনে আসার পরিকল্পনা শুরু থেকেই ছিল না। ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিন জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে প্রথমবার মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অডিশন দেন। সেখানে জম্মু-কাশ্মীরের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে রাজ্য পর্যায়ের ফাইনালিস্ট হন।
সামরিনের ভাষায়, শখের বশেই প্রতিযোগিতাটিতে অডিশন দিয়েছিলেন তিনি।

অর্শদীপ সিং ও সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নির্বাচিত হওয়ার পর মডেলিংয়ের নানা সুযোগ আসতে থাকে। ক্যামেরার সামনে কাজ করতে করতে এই পেশার প্রতি আগ্রহ বাড়ে তাঁর। একসময় বুঝতে পারেন, বিনোদন অঙ্গনেই নিজের ভবিষ্যৎ গড়তে চান।

পড়াশোনার প্রতিও মনোযোগ ছিল সামরিনের। পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের কাজও চালিয়ে গেছেন।

সিনেমায় অভিনয়ের আগে সংগীতের ভিডিওতে কাজ করে পরিচিতি বাড়ে সামরিনের। হিন্দি ও পাঞ্জাবি—দুই ধরনের সংগীতের ভিডিওতেই দেখা গেছে তাঁকে।
র‍্যাপার বাদশাহর ‘বাউলা’ গানের ভিডিওতে তাঁর উপস্থিতি বেশ আলোচিত হয়। গানটিতে বাদশাহর সঙ্গে পর্দা ভাগ করেছেন সামরিন। ভিডিওটির শুটিং হয়েছিল ব্যক্তিগত উড়োজাহাজসহ বিভিন্ন জায়গায়। ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বাদশাহর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সামরিন বলেছিলেন, শুটিংয়ের পরিবেশ ছিল বেশ স্বতঃস্ফূর্ত। বাদশাহর সঙ্গে কাজ করাটা তাঁর জন্য আনন্দের অভিজ্ঞতা ছিল।

জুবিন নটিয়ালের ‘তুঝে ভুলনা তো চাহা’ গানের ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। গানটির শুটিং হয়েছিল কাশ্মীরের বিভিন্ন মনোরম জায়গায়, বিশেষ করে গুলমার্গে। শীতের মধ্যে কয়েক দিন ধরে দিন-রাত শুটিং করতে হয়েছিল। সামরিনের কাছে অভিজ্ঞতাটি ছিল স্মরণীয়।

এ ছাড়া গুরু রনধাওয়া, জ্যাস মানক ও মনিন্দর বুট্টারের মতো শিল্পীদের সংগীতের ভিডিওতেও কাজ করেছেন তিনি। বিশেষ করে তরুণ দর্শকদের কাছে এসব ভিডিওর মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে।

সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সংগীতের ভিডিওতে কাজের পাশাপাশি সিনেমায়ও অভিনয় শুরু করেন সামরিন। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ২’-তে শাইনি চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১৯ সালে পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমায় দেখা যায় তাঁকে। টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়ার সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম ছিল বন্দনা চাওলা।
তবে সামরিনের ক্যারিয়ারে আলোচিত কাজগুলোর একটি কবির খান পরিচালিত ‘৮৩’। ভারতের ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভির্কসহ অনেকে।

সিনেমাটিতে সিমরান চরিত্রে অভিনয় করেন সামরিন। চরিত্রটি ছিল ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগ্‌দত্তার। মজার বিষয় হলো, পর্দায় একজন ক্রিকেটারের বাগ্‌দত্তার চরিত্রে অভিনয়ের পাঁচ বছর পর বাস্তব জীবনেও একজন ভারতীয় ক্রিকেটারের জীবনসঙ্গী হতে চলেছেন তিনি।

একই বছর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল ‘নেইল পলিশ’। জি ফাইভের এই আইনি থ্রিলারে অর্জুন রামপাল ও মানব কৌলের সঙ্গে অভিনয় করেন সামরিন। ছবিতে চারু রায়না চরিত্রে দেখা যায় তাঁকে।

নারীপ্রধান গল্পে অভিনয়ের স্বপ্ন
অভিনয় নিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন সামরিন। ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান?

উত্তরে সামরিন বলেছিলেন, এমন চরিত্রে অভিনয় করতে চান, যে চরিত্র গল্পের গতিপথে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে নারীপ্রধান সিনেমায় শক্তিশালী কোনো চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর।

অভিনয়ের পুরো প্রক্রিয়াটিই উপভোগ করেন সামরিন। তাঁর কাছে একটি চরিত্রকে পর্দায় তুলে ধরার আগে নির্মাতাদের ভাবনা বোঝা, সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করা—সবকিছুই গুরুত্বপূর্ণ।

আশিষ চঞ্চলানির সঙ্গে সম্পর্কের গুঞ্জন
আর্শদীপের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে সামরিনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই সেই গুঞ্জন অস্বীকার করে জানিয়েছিলেন, তাঁরা ভালো বন্ধু। পরে সামরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যক্তিগত কিছু কারণে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলেছে। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রয়েছে।
আর্শদীপ সিংয়ের সঙ্গে সামরিনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ২০২৬ সালের আইপিএল মৌসুমে। পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে সামরিনকে দেখা যাওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা বাড়ে। ধর্মশালায় একসঙ্গে ছুটি কাটানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৬ সালের ২৬ জুলাই, আর্শদীপ নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সামরিনের সঙ্গে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মাই পারসন’। এরপর আর সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি তাঁরা।

অবশেষে ১১ নভেম্বর নিউজিল্যান্ডে আর্শদীপ বিয়ের প্রস্তাব দেন সামরিনকে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে