শাকিব খানের নায়িকা হওয়া নিয়ে যা বললেন মাহি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ছোট পর্দার অভিনয়শিল্পী সামিরা খান মাহির অভিনয়ের খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে মাহি প্রথম আলোকে জানান, শাকিব খানের তরফ থেকে সরাসরি কোনো প্রস্তাব পাননি তিনি।
র‌্যাম্প মডেল থেকে টিভি নাটকে নাম লেখানো এ অভিনেত্রী বলেন, ‘নিউজগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমি নিজেই তো বিষয়টি জানি না। শাকিব ভাই দেশে আসার তিন-চার দিন পর দেখলাম, বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হচ্ছে। তবে খবরের কোথাও শাকিব ভাইয়ের কোনো বক্তব্য নেই। আমার সঙ্গেও শাকিব ভাইয়ের কোনো কথা হয়নি। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে আমাকে ফোনও করেছেন।’

সামিরা খান মাহি

তবে যুক্তরাষ্ট্র থেকে প্রযোজক পরিচয়ে একজন তাঁকে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা বলেছেন বলে স্বীকার করলেন মাহি, ‘তাঁর নাম মিজানুর রহমান। তিনি প্রযোজক। শাকিব খানের বিপরীতে আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন।  তাঁকে বলেছি, ‘‘আমি তো নাটক করছি। তবে যে ধরনের কাজ করতে চাই, সেভাবে হলে হতেই পারে। আমার কোনো সমস্যা নাই।” এতটুকুই কথা হয়েছে মিজান ভাইয়ের সঙ্গে।’

শাকিব খান

শাকিব খানের সঙ্গে যোগাযোগ হলে খবরটি নিয়ে নিশ্চিত হওয়া যেত বলে মনে করেন মাহি। তিনি বলেন, ‘শাকিব ভাই আসলেই আমাকে নিয়ে কাজ করার কথা বলেছেন কি না, আমি শিওর না।’

শাকিব খানের পক্ষ থেকে এলে করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘যদি প্রস্তাব আসে, অনেস্টলি বলছি, খারাপ হবে না। ভালোই হবে। তিনি ভেবেচিন্তে, পরিকল্পনা করে সিনেমা করেন। যদি হয়, তাহলে শতভাগ দিয়েই কাজটি করব। যেহেতু জীবনের প্রথম সিনেমা হবে, সেই জায়গায় থেকে আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

সামিরা খান মাহি

প্রায় ৯ মাস সময় কাটিয়ে গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। এসেই নতুন নতুন কাজের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। ভবিষ্যতে সেগুলোর ঘোষণা আসবে। সঙ্গে সরকারের কাছ থেকে পাওয়া অনুদানের ‘মায়া’ ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন। মাহিকে তাঁর বিপরীতে নেওয়ার ব্যাপারে শাকিব খানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাকিব খানও সোশ্যাল মিডিয়াতেও এ ধরনের খবর দেখেছেন। কিন্তু কোনো মন্তব্য করতে চাননি।
সিনেমা নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, ‘আমি তো র‌্যাম্প দিয়ে শোবিজে কাজ শুরু করি। এরপর নাটক। তবে ইচ্ছা ছিল না, তা নয়। আমার মনে হয়েছে, ব্যাটে–বলে মিললে কখনো সিনেমা করা হতেই পারে।’
বছরখানেক আগে টিভি নাটকে অভিনয় শুরু করেন মাহি। ৩০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রাখাল বালিকা, ‘মনের সাথি, ‘হাঙ্গর’, ‘মন বলে তুমি ফিরবেই’, ‘হি শি’।