
অক্ষয় কুমারের ক্যারিয়ার মোটাদাগে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি নব্বইয়ের দশক, দ্বিতীয়টি ২০০০ থেকে ২০১২, তৃতীয়টি ২০১৩ থেকে এ পর্যন্ত। প্রথমভাগে সিনেমায় অক্ষয়ের ভূমিকা ছিল অনেকটা ‘নীরব দর্শকের’। তিনি অপেক্ষায় থাকতেন, কোন পরিচালক তাঁকে ডাকবেন। ছবির দ্বিতীয় কিংবা তৃতীয় যে নায়কের চরিত্রেই হোক, অক্ষয়ের তাতে আপত্তি ছিল না।
অভিনয়জীবনের শুরুর দিকে বেশির ভাগ ছবিতে পুলিশের চরিত্রে দেখা যেত তাঁকে। পুরো অভিনয়জীবনে পর্দায় কতবার যে পুলিশ হয়েছেন, তার হিসাব সম্ভবত অক্ষয়ের কাছেও নেই। এ নিয়ে মজার ছলে তিনি বলেন, ‘তখন তো আমি গাড়িতে পুলিশের পোশাক নিয়ে ঘুরতাম। কখন কোন পরিচালক ডেকে বলেন—পুলিশের চরিত্র করতে হবে।’
অভিনয়জীবনের দ্বিতীয়ভাগে এসে বেশির ভাগ সময়ই কমেডি ছবিতে দেখা গেছে অক্ষয়কে। এই সময়ের মধ্যে তাঁকে ‘হেরা ফেরি’র মতো ছবিতে দেখা গেলেও অন্যগুলোর বেশির ভাগই সমালোচকদের মতে ছিল ‘সস্তা কমেডি’।
বলা হয়ে থাকে, অক্ষয় নতুনরূপে হাজির হন ‘ওমজি: ও মাই গড’-এর পর থেকে। নীরজ পান্ডের ‘স্পেশাল ছাব্বিশ’, ‘বেবি’র কল্যাণে পাওয়া যায় নতুন এক অক্ষয়কে। এই সময়ই জন্ম হয় অভিনেতা অক্ষয়ের, যা নিয়ে তিনি নিজেই বলেছেন, আগে তিনি ছিলেন ফার্নিচারের মতো। যে পর্দায় নড়েচড়ে না। তবে বদলে যাওয়ার পর তাঁকে পাওয়া যায় ‘এয়ারলিফট’, ‘রুস্তম’, ‘জলি এলএলবি টু’, ‘প্যাডম্যান’, ‘গুড নিউজ’, ‘বেল বটম’, ‘সূর্যবংশী’তে। যে অক্ষয়ের অভিনয় নিয়ে এত কথা হতো, তিনিই ‘রুস্তম’-এর কল্যাণে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়জীবনে নানা চড়াই-উতরাই পাড়ি দেওয়া অক্ষয় কুমারের আজ জন্মদিন। ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতস্বরে জন্ম হয় অভিনেতার। নানা সময়ে দেওয়া সাক্ষাৎকারে অনেকবারই অক্ষয় বলেছেন, টাকা আয়ের জন্যই তিনি অভিনয় শুরু করেন। যখন তাঁর মনে হয়, বাকি জীবন চলার জন্য যথেষ্ট অর্থ জমা হয়েছে, তখনই তিনি কনটেন্টধর্মী সিনেমায় অভিনয়ে মনোযোগী হন।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অক্ষয় অভিনীত বেশির ভাগ ছবিই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রযোজকদের কাছেও অক্ষয়ের চাহিদা বাড়তে থাকে। অভিনেতা ঠিক করেন, উৎসব ধরে প্রতিবছর চারটি করে ছবি মুক্তি দেবেন। অক্ষয়ের পারফরম্যান্সে ছেদ পড়ে কোভিডের কারণে। মহামারির প্রভাব কাটিয়ে প্রেক্ষাগৃহে নিয়মিত ছবি মুক্তি শুরুর পর অক্ষয়ের সিনেমা আর সেভাবে ব্যবসা করতে পারছে না।
‘সূর্যবংশী’ সুপারহিট হলেও ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ। অনেকে মনে করেন, বক্স অফিসের চাপ এড়াতে চলতি মাসে অক্ষয় নিজের ছবি ‘কাটপুতলি’ সরাসরি ওটিটিতে মুক্তি দেন। তাতেও লাভ হয়নি। সমালোচকেরা রীতিমতো নেতিবাচক কথা বলেছেন এই ছবি নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা অবশ্য মাথা পেতে নিয়েছেন অক্ষয়। জানিয়েছেন, তিনি দর্শকের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই ফিরবেন স্বমহিমায়। সামনে অক্ষয়কে দেখা যাবে ‘রাম সেতু’, ‘সেলফি’, ‘ওমজি ২: ও মাই গড ২’, ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেকসহ বেশ কয়েকটি সিনেমায়।