
বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ এবার পা রাখলেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে। ভক্তদের সঙ্গে নতুন ধরনের যোগাযোগ গড়ে তুলতে তিনি চালু করছেন নিজের এআইচালিত ডিজিটাল রূপ। ফলে ভক্তরা জানতে পারবেন তাঁর প্রিয় বই, গভীর রাতের ব্যক্তিগত ভাবনা, জীবন থেকে শেখা অভিজ্ঞতা এবং তাঁর নানা গল্প।
এই প্রকল্প তৈরি করেছে গ্যালারি৫, যা কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্কের ইন-হাউস এআই স্টুডিও। উন্নত এআই কথোপকথনপ্রযুক্তি, ভয়েজ সিনথেসিস এবং ইন্টারঅ্যাকটিভ ন্যারেটিভ প্রযুক্তি ব্যবহার করে এই ডিজিটাল রূপ তৈরি করা হয়েছে। নির্মাতাদের দাবি, এটি শুধু জ্যাকুলিনের চেহারা বা কণ্ঠস্বরের অনুকরণ নয়; বরং তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও জীবনদর্শনের প্রতিফলন।
এই ডিজিটাল জ্যাকুলিনের কেন্দ্রবিন্দুতে থাকবে একটি ‘বুক ক্লাব’। সেখানে জ্যাকুলিন এমন সব বইয়ের সুপারিশ করবেন, যেগুলো তাঁর ভাবনা ও জীবনকে প্রভাবিত করেছে। শুধু বইয়ের নামই নয়, প্রতিটি বই নিয়ে নিজের মন্তব্য, উপলব্ধি এবং পাঠের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন তিনি।
এ ছাড়া অবতারে থাকবে ‘২ এএম থটস’ নামের একটি বিভাগ। এখানে গভীর রাতে মনে আসা নানা ভাবনা, আত্মজিজ্ঞাসা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন অধ্যায়ের গল্প তুলে ধরা হবে। নির্মাতাদের ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত তারকাকেন্দ্রিক কনটেন্টে যেসব অনুভূতি বা ভাবনা জায়গা পায় না, সেগুলোই এই প্ল্যাটফর্মে প্রকাশ করবেন জ্যাকুলিন।
নতুন উদ্যোগ নিয়ে জ্যাকুলিন বলেন, ‘যে বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে, সেগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে আমি সব সময়ই ভালোবাসি। সেটা কোনো বই হতে পারে, কোনো আলাপ, জীবনের শেখা কোনো শিক্ষা কিংবা এমন কোনো ভাবনা, যা অনেক দিন ধরে আমার মনে রয়ে গেছে। এই অবতার আমাকে একেবারে নতুনভাবে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গল্প বা অনুভূতি বলা সম্ভব হয় না, সেগুলোও এবার মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’
কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্ক জানিয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য শুধু প্রযুক্তি প্রদর্শন নয়; বরং প্রযুক্তির মাধ্যমে তারকাদের সঙ্গে দর্শকের সম্পর্ককে আরও গভীর করা। একই সঙ্গে শিল্পীর নিজস্ব কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব যেন অক্ষুণ্ন থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে নিয়মিত নতুন বইয়ের তালিকা, নতুন আলাপ এবং ব্যক্তিগত নানা কনটেন্ট যুক্ত করা হবে।
গ্যালেরি৫ ইতিমধ্যেই তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন তারকার জন্য এআই অবতার ও কনটেন্ট তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে জ্যাকুলিন ফার্নান্দেজের এই প্রকল্পকে তারা তুলনামূলকভাবে আলাদা বলছে। কারণ, এটি মূলত ব্র্যান্ড প্রচারের জন্য নয়; বরং সাহিত্য, চিন্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ।
শ্রীলঙ্কায় জন্ম নেওয়া জ্যাকুলিন ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব জয়ের পর ভারতে এসে অভিনয়জীবন শুরু করেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির মধ্য দিয়ে বলিউডে পরিচিতি পান। এরপর সালমান খানের সঙ্গে ‘কিক’, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, কন্নড় ভাষার একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রীর নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এখন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।
ভ্যারাইটি অবলম্বনে