
পরিচালক আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল ১৯ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশার প্রতিফলন মিলেছে বক্স অফিসেও।
মুক্তির আগেই ৫০ কোটি আয়
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পেইড প্রিভিউ শোগুলোতেও টিকিট বিক্রি হয়েছে ব্যাপক হারে। স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ছবিটি প্রায় ৫০ কোটি রুপি আয় করেছে। ফলে মুক্তির দিন ছবিটি ঘিরে আগ্রহ আরও বেড়ে যায়। মুক্তির দিনেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ একাধিক রেকর্ড গড়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি প্রথম দিনে প্রায় ১০২ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় এটি শীর্ষে উঠে এসেছে। ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৪৫ কোটি ৫৫ লাখ রুপি।
সবচেয়ে বড় ওপেনিং
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ রণবীর সিংয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া ছবি। এর আগে ‘ধুরন্ধর’ ছিল তাঁর সবচেয়ে বড় ওপেনিং ছবি। নতুন সিকুয়েলটি প্রথম কিস্তি ‘ধুরন্ধর’-এর উদ্বোধনী দিনের আয়ও ছাড়িয়ে গেছে। প্রথম ছবিটি মুক্তির দিনে আয় করেছিল ২৮ কোটি রুপি। পাশাপাশি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভেঙে দিয়েছে ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘পুষ্পা ২’-এর মতো বড় ছবির প্রথম দিনের আয়ের রেকর্ডও।
দক্ষিণি বাজারেও প্রভাব
একই দিনে মুক্তি পেয়েছে দক্ষিণি তারকা পবন কল্যাণ অভিনীত ছবি ‘ওস্তাদ ভগত সিং’। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ছবিটি। প্রথম দিনে ‘ওস্তাদ ভগত সিং’ আয় করেছে প্রায় ৩১ কোটি ৫০ লাখ রুপি। ফলে বক্স অফিস লড়াইয়ে শুরুতেই এগিয়ে গেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দক্ষিণ ভারতীয় ভাষাতেও মুক্তি পেয়েছে, যার প্রভাব প্রতিদ্বন্দ্বী ছবি ‘ওস্তাদ ভগত সিং’-এর ওপরও পড়েছে। তামিল সংস্করণে ৯৫৮টি শো থেকে ছবিটি আয় করেছে প্রায় ১ কোটি ১৬ লাখ রুপি। তেলেগু সংস্করণে ১ হাজার ১১২টি শো থেকে এসেছে প্রায় ২ কোটি ১২ লাখ রুপি। মালয়ালম ও কন্নড় ভাষায় ছবিটির আয় তুলনামূলক কম।
ছবির গল্পে চমক
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর কাহিনিতে হামজা ওরফে যশকিরাত সিং রাঙ্গির গুপ্তচরজীবনের গল্প তুলে ধরা হয়েছে। আদিত্য ধরের এই ছবির পরতে পরতে রয়েছে চমক। জানা গেছে, ছবিটির ক্লাইম্যাক্সেও আছে বড় চমক। এ সিকুয়েলে ‘বড় সাহেব’ চরিত্রের রহস্যও উন্মোচিত হয়েছে।
গুঞ্জন ছিল, এই চরিত্রে দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকে। তবে আদিত্য ধর এ চরিত্রে তুলনামূলক কম পরিচিত এক অভিনেতাকে নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। ‘বড় সাহেব’ চরিত্রে অভিনয় করেছেন দানিশ ইকবাল।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, রাকেশ বেদি ও সারা অর্জুন। তাঁদের প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে ছাপ রেখেছেন। ‘ধুরন্ধর’-এর পর দ্বিতীয় কিস্তিতেও দাপট দেখিয়েছেন রণবীর সিং। অনেকের মতেই, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ তাঁকে আরও ভয়ংকর ও দুর্দান্ত লেগেছে।