তাঁদের প্রেমের কথা জানাজানি হলো যেভাবে

বিয়ের কথা তো দূরে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কেউ তাঁদের প্রেমের কথাই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে ঠিকই তাঁদের বিয়ের তোড়জোড় চলছে। আজ বাদে কাল সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে সরাসরি স্বীকার না করলেও অন্তত সাতবার এমন ইঙ্গিত দিয়েছেন যাতে সহজেই বোঝা যায়, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তেমন সাতটি তথ্য
প্রেম নিয়ে প্রশ্ন করতেই সিদ্ধার্থ ও কিয়ারা আর টুঁ শব্দটি করেন না। তাই সাংবাদিকরা তাদের প্রশ্ন করেন অনেক ঘুরিয়ে–পেঁচিয়ে। এই যেমন কিছুদিন আগে সিদ্ধার্থ মালহোত্রাকে প্রশ্ন করা হয়—তাঁর ফোনে কিয়ারার নম্বর স্পেশাল ডায়াল লিস্টে আছে কি না? উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘আছে, সহ-অভিনেতাকে ফোন করতে এটা খুব কাজের। কেবল সে–ই নয়, আরও অনেকের নম্বরই স্পেশাল ডায়ালে আছে।’ তবে উত্তর শুনে যা বোঝার বুঝে নিয়েছেন দুই তারকার ভক্তরা
ছবি : সংগৃহীত
কিছুদিন আগেই কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদের গুজব রটে, এর কিছুদিন পরই শোনা যায় তাঁদের সম্পর্ক আবার জোড়া লেগেছে। তবে বিচ্ছেদের গুঞ্জনের সময় কিয়ারা বলেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের খবর তাঁকে ভীষণ মর্মাহত করে। সে সময় কথা বলতে গিয়ে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। সে সময় কিয়ারার বক্তব্যের ভিডিও যাঁরা দেখেছেন, তাঁরা ঠিকই বুঝে গেছেন সিদ্ধার্থের সঙ্গে তাঁর প্রেমের কথা
একবার এক সাক্ষাৎকারে সিদ্ধার্থের কাছে জানতে চাওয়া হয়—সম্ভব হলে কোন বলিউড তারকার পেছনে তিনি গুপ্তচর লাগাবেন। উত্তরে কিয়ারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গুপ্তচর লাগিয়ে জানতে চাই সে মাসে কয়বার ব্যায়াম করি। এই মিশনের নাম হবে মিশন ক্রস ফিট অথবা ফিট অর ইজ সি ফিট?’
গত বছর ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার প্রচারের সময় কিয়ারাকে জিজ্ঞেস করা হয় তাঁর প্রিয় সহ-অভিনেতাকে কে? দেরি না করে অভিনেত্রী বলেন সিদ্ধার্থ মালহোত্রার নাম
‘শেরশাহ’ ছবির এক অনুষ্ঠানে কিয়ারা আদভানিসহ পুরো টিম থাকলেও ছিলেন না সিদ্ধার্থ; সেদিন প্রকাশ্যেই কিয়ারা বলেন তিনি সিদ্ধার্থকে মিস করছেন
‘কফি উইথ করণ’-এ করণ জোহরের জেরার মুখে কিয়ারা স্বীকার করতে বাধ্য হন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু
‘শেরশাহ’-এর প্রচার উপলক্ষে সিদ্ধার্থ ও কিয়ারা ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন। তখন সিদ্ধার্থ জানিয়েছিলেন ছবিটির শুটিং এক লোকেশন থেকে অন্য লোকেশনে তাঁদের দীর্ঘ যাত্রা করতে হয়েছে। তবে সঙ্গে কিয়ারা ছিলেন বলে দীর্ঘ সেই যাত্রা খারাপ লাগেনি তাঁর