ফাহাদ ফাসিল ও টম ক্রুজ৷ কোলাজ
ফাহাদ ফাসিল ও টম ক্রুজ৷ কোলাজ

আমেরিকান উচ্চারণে সমস্যা, টম ক্রুজের সঙ্গে অভিনয়ের সুযোগ কেন হাতছাড়া

টম ক্রুজ ও রিজ আহমেদ অভিনীত নতুন হলিউড ছবি ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলের একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে তিনি জানিয়েছিলেন, ছবিটিতে রিজ আহমেদ অভিনীত চরিত্রটির জন্য অডিশন দিয়েও শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি।

গত বছর কিউ স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ বলেন, অডিশন ভালো হলেও মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতু তাঁর আমেরিকান উচ্চারণে সন্তুষ্ট ছিলেন না। উচ্চারণ ঠিক করতে তাঁকে তিন–চার মাস যুক্তরাষ্ট্রে থেকে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ফাহাদের কথায়, ‘উচ্চারণ নিখুঁত করতে আমাকে যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই খরচ তারা বহন করতে রাজি ছিল না। তাই কাজটি ছেড়ে দিই। না হলে আমি দৌড়ে চলে যেতাম। বাণিজ্যিক দিক থেকে বিষয়টি আমার জন্য সম্ভব ছিল না। শুধু উচ্চারণের জন্য এতটা পরিশ্রম করার তাগিদও অনুভব করিনি।’

তিনি আরও জানান, পরে পরিচালকের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের সময় তাঁর মনে হয়েছিল, ইনারিতু বুঝতে পেরেছেন যে এই চরিত্রের জন্য তিনি উপযুক্ত নন। ফাহাদ বলেন, ‘এ ধরনের বৈঠকের পর অনেক ছবির সুযোগই হারিয়েছি।’

ফাহাদ ফাসিল

সাক্ষাৎকারে মালয়ালম সিনেমার প্রতিও নিজের ভালোবাসার কথা জানান এই অভিনেতা। তিনি বলেন, তাঁর জীবনের ‘জাদু’ ঘটে মালয়ালম চলচ্চিত্রেই। আন্তর্জাতিক নির্মাতারা কেরালায় এসে কাজ করুন—এটাই তাঁর ইচ্ছা। আর যদি কোনো প্রকল্প তাঁকে নতুনভাবে পরিচিত করে, সেটিও তিনি মালয়ালম ভাষাতেই করতে চান।

এদিকে কৌতুক অভিনেতা ভির দাসও সামাজিক যোগাযোগমাধ্যমে (পরে মুছে ফেলা এক পোস্টে) জানান, একই চরিত্রের জন্য তিনিও দুবার অডিশন দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচিত হন রিজ আহমেদ।

গতকাল সোমবার মুক্তির পর থেকেই ট্রেলারটি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। টম ক্রুজ মানেই চোখধাঁধানো স্টান্ট, দুরন্ত গতি আর অসম্ভবকে সম্ভব করার গল্প। চার দশকের বেশি সময় ধরে তিনি হলিউডের অ্যাকশন নায়কদের প্রতীক। কিন্তু এবার সেই পরিচিত টম ক্রুজকে খুঁজে পাওয়াই কঠিন। নেই ঝকঝকে নায়কোচিত উপস্থিতি, নেই সুদর্শন চেহারা, বরং তিনি হাজির হচ্ছেন মোটা পেট, পাতলা সাদা চুল, অদ্ভুত উচ্চারণ আর আত্মমুগ্ধ এক বিলিয়নিয়ারের চরিত্রে। নতুন ছবি ‘ডিগার’-এর ট্রেলারে টম ক্রুজ যেন নিজের তারকাখ্যাতিকেই ভেঙে নতুন করে জন্ম নিচ্ছেন।

‘ডিগার’–এ টম ক্রুজ। ভিডিও থেকে

ছবির কেন্দ্রে রয়েছে ডিগার রকওয়েল—বিশ্বের অন্যতম ক্ষমতাধর ধনকুবের। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। ছোট একটি পরিবেশগত বিপর্যয় মুহূর্তেই বৈশ্বিক সংকটে রূপ নেয়। বিজ্ঞানীরা সতর্ক করে, এর জেরে শুরু হতে পারে ভয়াবহ জলবায়ু বিপর্যয়, এমনকি পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়।

কিন্তু ডিগার প্রথমে এসবকে গুরুত্বই দিতে চায় না, বরং সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে, হিমবাহ কয়েক ফুট সরে যাওয়ায় তাঁর বহু বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ করার কোনো কারণ নেই। এই ঔদ্ধত্যই ধীরে ধীরে তাকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানুষে পরিণত করে।

যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুরু হয় তার নতুন লড়াই—পৃথিবীকে বাঁচানোর নয়, বরং নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার।
ছবিতে টম ক্রুজ, রিজ আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন সান্দ্রা হলার, জন গুডম্যান, জেসি প্লেমন্স, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সি। জন গুডম্যান অভিনয় করেছেন অসুস্থ মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে, যে ডিগারের তৈরি করা সংকট থেকে পৃথিবীকে রক্ষার শেষ চেষ্টা করে।

দ্য প্রিন্ট অবলম্বনে