বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে
বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে

বিয়েতে বাবাকে আমন্ত্রণ জানাননি প্রতীক, মুখ খুললেন নববধূ পূজা

১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন দীর্ঘদিনের প্রেমিকা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। এই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক। গোপনে, অনাড়ম্বরভাবে প্রতীক আর প্রিয়া চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রতীকের বাবা তথা বলিউডের অভিনেতা রাজ বব্বর ছেলের বিয়েতে হাজির ছিলেন না। হাজির ছিলেন না প্রতীকের দুই সৎভাই–বোন। তাই এই বিয়ে নিয়ে এখন জোর আলোচনা বিটাউনে। সম্প্রতি নববধূ পূজা আর এদিকে প্রতীকের সৎভাই আরিয়া বব্বর এ নিয়ে মুখ খুলেছেন। এদিকে চুপ আছেন রাজ বব্বর।

প্রতীক নিজের নাম বদলে প্রতীক স্মিতা পাতিল করে ফেলেছেন। বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে প্রতীক। প্রতীক আর পূজা পাঁচ বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। ভালোবাসা দিবসের দিন তাঁরা তাঁদের সম্পর্ককে নতুন নাম দিয়েছেন। তবে প্রতীকের বিয়েতে বব্বর পরিবার থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জোর আলোচনা সর্বত্র।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে প্রিয়া বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা যেমনটা ভেবেছিলাম, আমাদের বিয়ে সে রকমভাবেই হয়েছে। আমাদের বিয়েটা ব্যক্তিগত ছিল। আর এই বিয়েতে তাঁরাই উপস্থিত ছিলেন, যাঁরা আমাদের ভালোবাসেন। আমাদের বিয়েটা আরও বিশেষ ছিল; কারণ, আমরা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে করেছি। তিনি এই বাড়িটা কিনেছিলেন, যাতে প্রতীকের সঙ্গে বাড়িটাতে থাকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটেনি। আমাদের বিশ্বাস যে এটা আমাদের জন্য ওনার উপহার। তিনি চাইতেন যে এই বাড়িটাতে আমরা বিয়ে করি, আমরা তাই-ই করেছি।’

বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে

প্রিয়া জানিয়েছেন, প্রতীককে বিয়ে করে তাঁর জীবনে কিছু বদলায়নি। কারণ, পাঁচ বছর ধরে তাঁরা একসঙ্গে আছেন। ভালোবাসা দিবসের দিনকে বিয়ের দিন হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে এই বাঙালি কন্যা বলেছেন, ‘১৪ ফেব্রুয়ারি প্রেমের দিন, আর আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। বিয়ের জন্য এর চেয়ে ভালো দিন আর কী-ইবা হতে পারে।’

বিয়েতে সবচেয়ে বিশেষ কী ছিল, এর জবাবে প্রিয়া বলেছেন, ‘সবচেয়ে বিশেষ ছিল এই যে আমাদের পরিবারের নিকটজনেরা আমাদের সঙ্গে ছিলেন। প্রতীকের দুই মাসি, নানা-নানি, আর আমার অভিভাবকেরা বিয়েতে ছিলেন। আমরা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে করেছি, তাই ওনার উপস্থিতি আমরা অনুভব করেছি। এমনকি উপস্থিত সবাই বলেছিলেন যে এমন মনে হচ্ছে তিনি ওখানে উপস্থিত আছেন।’

বাবা রাজ বব্বর ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন না। রাজ বব্বর আর তাঁর দুই সন্তানকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিতর্ক দানা বেঁধেছে। তবে এসব সমালোচনার সোজাসুজি কোনো জবাব দেননি প্রিয়া। এ প্রসঙ্গ উঠতে তিনি বলেছেন, ‘পরিবারের কোনো সদস্য এই বিয়েতে উপস্থিত ছিলেন না, তা হয়নি। “পরিবারের সদস্য” নেই বলে এমন গুঞ্জন কেন উড়ে বেড়াচ্ছে তা আমার জানা নেই। আমার পরিবার, ওর (প্রতীক) দুই মাসি; যাঁরা ওকে বড় করেছেন, ওর নানা-নানি, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সবাই এই বিয়েতে ছিলেন। তাই আমাদের কাছের কেউ এই বিয়েতে অনুপস্থিত ছিলেন না।’

প্রতীক নিজের বিয়ের প্রসঙ্গে বলেছেন, ‘মনে হচ্ছে হাজার হাজারবার আমি এমনটা করছি। এটা আর এক জীবন এবং ব্রহ্মাণ্ড মনে হচ্ছে। আমার অনুভূতি হচ্ছে যে আমি ওকে যেন প্রতিটা জীবনে বিয়ে করেছি। আরও অনেক কিছু করার বাকি আছে।’
এদিকে আরিয়া বব্বর এই বিয়ের প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বব্বর পরিবারের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি আমার বাবাকেও (রাজ বব্বর) নয়। মনে হচ্ছে ওর (প্রতীক) মন অন্য কারও দ্বারা নিয়ন্ত্রিত। ও এই পরিবারের কারও সঙ্গেই সম্পর্ক রাখতে চায় না বলে মনে হচ্ছে।’

আরিয়ার বক্তব্য যে প্রতীক তার প্রয়াত মা স্মিতা পাতিলকে অপমান করেছেন। আরিয়া বলেছেন, ‘আমাদের মা নাদিরাকেও নিমন্ত্রণ জানায়নি এটা পর্যন্ত মানা যায়। আর এর পেছনে যেকোনো কারণ থাকতেই পারে। ও আমাকে আর আমার বোন জুহিকে (বব্বর) আমন্ত্রণ জানাতে চায়নি, এটাও ঠিক আছে। কিন্তু নিদেনপক্ষে ওর সেই ব্যক্তিকে আমন্ত্রণ জানানো উচিত ছিল, যাঁকে স্মিতা মা ভালোবাসতেন, মানে ওর বাবাকে। ওর এই ব্যবহার স্মিতা মায়ের প্রতি অপমানজনক।’
এ নিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন প্রতীক। এর আগে সানিয়া সাগরকে বিয়ে করেছিলেন তিনি।