ফের একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ
ফের একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ

শুটিং চলাকালীন শাহরুখ ইচ্ছা করেই সেটে যেতেন না, জানালেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান আবারও ফিরছেন ক্রাইম থ্রিলার ছবিতে। তাঁর নতুন ছবি ‘কর্তব্য’ চলতি মাসের শেষের দিকে মুক্তি পাবে নেটফ্লিক্সে। সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত টানাপোড়েন এবং বিপজ্জনক সব গোপন রহস্যে ভরা এক গল্প। ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেন ও মণীষ চৌধুরী।

শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ‘কর্তব্য’। পুলকিত পরিচালিত এই ছবির মাধ্যমে ফের একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ। সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের অফিসে এক আয়োজনের মাধ্যম ছবির ট্রেলার মুক্তি দেওয়া হয়। এই অনুষ্ঠানে ছবির অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফ আলী খান, রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, মণীষ চৌধুরী ও জাকির হুসেইন।

ট্রেলার মুক্তির পর উপস্থিত তারকারা গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শাহরুখের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক নিয়ে কথা বলেন সাইফ। এর আগে তাঁরা একসঙ্গে ‘কাল হো না হো’ ছবিতে অভিনয় করেছিলেন। এর পাশাপাশি একাধিক অ্যাওয়ার্ড শো-ও সঞ্চালনা করেছেন এ দুই তারকা।

শাহরুখ খান ও সাইফ আলী খান

সাইফ জানান, ‘কর্তব্য’ ছবির জন্য তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন শাহরুখ। ছবির চিত্রনাট্য শোনার জন্য উৎসাহও দিয়েছিলেন তিনি। পরিচালক পুলকিতের সঙ্গে দেখা এবং গল্প শোনার পরই ছবির প্রতি আগ্রহ তৈরি হয় সাইফের।
সাইফ বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার খুব সুন্দর এবং দীর্ঘদিনের সম্পর্ক। অনেক দিক থেকেই আমি তাঁকে শ্রদ্ধা করি।’ তিনি আরও জানান, পরে শাহরুখ পুরো ছবিটি দেখেছেন এবং খুবই খুশি হয়েছেন।

ছবির শুটিং চলাকালীন শাহরুখ ইচ্ছা করেই সেটে যেতেন না বলেও জানান সাইফ। তাঁর কথায়, ‘শুটিং সেটে আমি তাঁর সঙ্গে দেখা করিনি। কারণ, তিনি এমন একজন প্রযোজক, যিনি মনে করেন পরিচালকের নিজের মতো করে ছবি বানানোর সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।’

‘কর্তব্য’ ছবিতে সাইফ অভিনয় করেছেন ‘পবন মালিক’ নামের এক পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর সুরক্ষায় থাকা অবস্থায় এক সাংবাদিককে গুলি করা হলে জীবন ওলটপালট হয়ে যায় পবনের। প্রথমে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চললেও পরে সামনে আসে আরও ভয়ংকর এক চক্র, যেখানে রয়েছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। জনসাধারণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ বাড়তে থাকলে ভাঙতে শুরু করে পবনের ব্যক্তিগত জীবনও। তার ভাইকে ঘিরে তৈরি হওয়া এক সংঘাত সরাসরি বিপদের মুখে ফেলে পরিবারকে। ফলে পারিবারিক দায়িত্ব আর পেশাগত কর্তব্যের মধ্যে বেঁচে থাকার লড়াই লড়তে হয় পবনকে।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেইন ও মণীষ চৌধুরী। পুলকিতের লেখা ও পরিচালনায় তৈরি ‘কর্তব্য’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৫ মে।
স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও বড় পর্দায় ফিরছেন সাইফ। পরিচালক প্রিয়দর্শনের ‘হেয়ওয়ান’ ছবিতেও দেখা যাবে তাঁকে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার।