‘জেলার ২’ থেকে সরে দাঁড়ালেন শাহরুখ খান, সামনে এল বড় কারণ

ভারতীয় সিনেমার দুই মেগা তারকা শাহরুখ খান ও রজনীকান্ত দুজনেই তাঁদের আসন্ন ছবি নিয়ে আলোচনায়। এর মধ্যেই জোর গুঞ্জন উঠেছিল, এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে ‘জেলার ২’-এ। শোনা যাচ্ছিল, রজনীকান্তের ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তিতে বিশেষ উপস্থিতি বা ক্যামিও করতে পারেন শাহরুখ। তবে এর মধ্যে খবর ছড়িয়েছে, সেই সম্ভাবনায় আপাতত ইতি টেনেছেন কিং খান নিজেই।

ক্যামিও করতে রাজি নন
বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ‘জেলার ২’-এর নির্মাতারা শাহরুখ খানকে একটি বড়সড় ক্যামিও চরিত্রের জন্য যোগাযোগ করেছিলেন। তাঁর অংশের শুটিং করতে প্রায় পাঁচ দিন সময় লাগার কথা ছিল। শুরুতে এতে সম্মতিও জানিয়েছিলেন এই বলিউড সুপারস্টার। তবে পরে তিনি নিজের অনস্ক্রিন উপস্থিতির বিশেষত্ব বজায় রাখার কথা ভেবে সিদ্ধান্ত বদলান। ব্যস্ত সময়সূচিও এর একটি বড় কারণ হিসেবে সামনে এসেছে।

জানা গেছে, শাহরুখ নিজেই রজনীকান্তের সঙ্গে কথা বলেছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ এই প্রকল্পে না থাকলেও ভবিষ্যতে দুই তারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রজনীকান্ত ও ‘ভক্ত’ শাহরুখ খান

‘কিং’ ছবির কারণেই এই সিদ্ধান্ত
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান অনুরোধ করেছিলেন যে ‘জেলার ২’ ছবির মুক্তি ‘কিং’-এর পর করা হোক। এর কারণ, তাঁর আসন্ন ছবি ‘কিং'-এ একেবারে আলাদা একটি লুকে দেখা যাবে তাঁকে। তিনি চাননি ওই লুক দর্শকেরা আগে অন্য কোনো ছবিতে দেখে ফেলুন। এদিকে ‘জেলার ২’-এর নির্মাতারা ছবিটি আগস্টে মুক্তির পরিকল্পনা করেছেন। ফলে সময়ের এই অমিলও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

মোহনলালের অংশ শেষ
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে দক্ষিণি তারকা মোহনলালকে। এদিকে মোহনলাল ইতিমধ্যে তাঁর অংশের শুটিং শেষ করেছেন বলে জানা গেছে। অভিনেতার স্টাইলিশ জিশাদ শামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ২০২৩ সালের ‘জেলার’ ছবিতে মোহনলালের ক্যামিও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। তিনি ‘ম্যাথিউ’ নামের এক নির্মম মাফিয়া ডনের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি রজনীকান্তের চরিত্র মুথুভেল পাণ্ডিয়ানকে শেষ দৃশ্যে সাহায্য করেন। ছবিতে মোহনলালের বলা সংলাপ-ও অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। এই জনপ্রিয়তার কারণেই সিকুয়েলে তাঁকে ফের আনা হয়েছে বলে জানা গেছে।

‘জেলার’–এ রজনীকান্ত

বিকল্পের খোঁজে নির্মাতারা
শাহরুখ খান সরে দাঁড়ানোর পর এখন নির্মাতারা ক্যামিও চরিত্রের জন্য অন্য বিকল্প খুঁজছেন। ছবিটি প্রায় সম্পূর্ণ, বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। রজনীকান্ত ও মোহনলালের পাশাপাশি ছবিতে রম্যা কৃষ্ণন, যোগী বাবু, বিনায়াকান এবং শিবরাজকুমারের ফেরার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ‘জেলার ২’-তে বিজয় সেতুপতি, যতীন সারনা ও সুরাজ ভেঞ্জারামুডুও যুক্ত হতে পারেন। খবর যে, ‘জেলার ২’ ছবির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ১৪ এপ্রিল, তামিল নববর্ষের দিনে হতে পারে। সব ঠিক থাকলে আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই বহুপ্রতীক্ষিত সিনেমা।

বড়দিনে আসছে ‘কিং’
অন্যদিকে শাহরুখ খানের ‘কিং’ চলতি বছরের বড়দিনে মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
শাহরুখ ছাড়া এই ছবির অন্যান্য চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারশি, অভয় ভার্মা, রাঘব যুয়ালসহ আরও অনেকে। ‘কিং’ ছবিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু থেকেই উন্মাদনা দেখা গেছে, কারণ এই ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খান থাকবেন। বাবা-মেয়েকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা।
সব মিলিয়ে ‘জেলার ২’-এ শাহরুখ খানের না থাকা ভক্তদের হতাশ করলেও তাঁর এই সিদ্ধান্তের পেছনে কৌশলগত পরিকল্পনাই বড় কারণ, এমনটাই মনে করছেন সিনেমা বিশ্লেষকেরা।