‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে
‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

রজনী–ঝড়ে রেকর্ড ভেঙে চুরমার, দুই দিনে কত আয় করল ‘জেলার ২’

প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপির বেশি আয়, দ্বিতীয় দিনে গতি কিছুটা কমলেও দুই দিনেই ২০০ কোটির মাইলফলক পার—রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে যেন ঝড় তুলেছে। মুক্তির দুই দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২০৯ কোটি ১০ লাখ রুপি। এর মধ্য দিয়ে আগের ছবি ‘জেলার’–এর প্রথম দুই দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের ১৭ অক্টোবরের হিসাব অনুযায়ী, নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি ভারতে দুই দিনে নিট আয় করেছে ৯৫ কোটি ৩০ লাখ রুপি। দেশীয় বাজারে মোট আয় বা গ্রস কালেকশন ১১২ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৯৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২০৯ কোটি ১০ লাখ রুপি।

প্রথম দিনের রেকর্ড
১৫ অক্টোবর মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করে ১২৫ কোটি ২৫ লাখ রুপি। স্যাকনিল্কের হিসাবে, ভারতের বাজার থেকে আসে ৭০ কোটি ২৫ লাখ রুপি গ্রস, আর বিদেশের বাজার থেকে ৫৫ কোটি রুপি। প্রথম দিনের এই আয় রজনীকান্তের ছবির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর ‘কুলি’ প্রায় ১৫১ কোটি ১০ লাখ রুপি নিয়ে শীর্ষে।

তবে তামিল সিনেমার বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের তালিকায় ‘জেলার ২’ তৃতীয় স্থানে। ‘কুলি’র পাশাপাশি থালাপতি বিজয় অভিনীত ‘লিও’ও এগিয়ে, যার উদ্বোধনী আয় প্রায় ১৪২ কোটি রুপি। অর্থাৎ রেকর্ড গড়লেও সব শীর্ষ রেকর্ড নিজের করে নিতে পারেনি ছবিটি।

দ্বিতীয় দিনে আয় কমেছে ৪০ শতাংশ
প্রথম দিনের উন্মাদনার পর দ্বিতীয় দিনে কিছুটা ধাক্কা খেয়েছে ছবির আয়। ১৬ অক্টোবর ভারতে নিট আয় হয়েছে ৩৫ কোটি ৬০ লাখ রুপি, যা প্রথম দিনের ৫৯ কোটি ৭০ লাখ রুপির তুলনায় প্রায় ৪০ দশমিক ৪ শতাংশ কম। তবু বিদেশের বাজার থেকে দ্বিতীয় দিনে আরও ৪০ কোটি রুপি আসায় বিশ্বব্যাপী মোট আয় ২০০ কোটি ছাড়িয়ে যায়।

দ্বিতীয় দিনে তামিল সংস্করণ আয় করেছে ২৫ কোটি ২৫ লাখ রুপি, তেলেগু ৭ কোটি ২৫ লাখ, হিন্দি ২ কোটি ৭৫ লাখ ও কন্নড় ৩৫ লাখ রুপি। ভারতের বাজারে দুই দিনের মোট নিট আয় ৯৫ কোটি ৩০ লাখ রুপি।

নিজের আগের ছবিকেই পেছনে ফেলল সিক্যুয়েল
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ রজনীকান্তের ক্যারিয়ারে বড় বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছিল। সেই ছবির জনপ্রিয়তার ওপর ভর করেই সিক্যুয়েল ঘিরে তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা। স্যাকনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম দুই দিনে ‘জেলার ২’–এর বিশ্বব্যাপী আয় ২০৯ কোটি ১০ লাখ রুপি, যেখানে আগের ছবির প্রথম দুই দিনের আয় ছিল প্রায় ১৫০ কোটি রুপি।

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

এ ছাড়া ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবিগুলোর মধ্যে মাত্র দুই দিনে ২০০ কোটি রুপির বিশ্বব্যাপী গ্রস আয় করা সবচেয়ে দ্রুতগতির ছবিও এখন ‘জেলার ২’। একই বছরে ২০০ কোটির ক্লাবে ঢোকা চতুর্থ তামিল সিনেমা এটি।

গল্প কী নিয়ে
প্রথম সিনেমায় রজনীকান্ত অভিনয় করেছিলেন অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ান চরিত্রে, যিনি ‘টাইগার’ নামেও পরিচিত। পরিবারের ওপর বিপদ নেমে এলে পুরোনো অপরাধজগতের যোগাযোগ কাজে লাগিয়ে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।

দ্বিতীয় পর্বেও সেই চরিত্রে ফিরছেন রজনীকান্ত। নতুন করে অপরাধজগতের হুমকি তৈরি হলে পরিবার ও নিজের উত্তরাধিকার রক্ষায় আবারও কঠোর হয়ে উঠতে হবে তাঁকে। ট্রেলার ইঙ্গিত দিচ্ছে, এবার শত্রুর পরিধি বড়, বিপদও বেশি। তবে গল্পের সব খুঁটিনাটি এখনো প্রকাশ করা হয়নি।

নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, বিদ্যা বালান, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশনসহ একঝাঁক তারকা। সংগীত পরিচালনায় অনিরুদ্ধ রবিচন্দর।

তবে বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনাও রয়েছে। ফিল্মফেয়ারের পর্যালোচনা অনুযায়ী, প্রথমার্ধের হাস্যরস, নতুন চরিত্রের পরিচয় ও বিনোদনমূলক দৃশ্য প্রশংসা পেয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য ও গল্পের কিছু অসংগতি নিয়ে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ।

ফিল্মফেয়ার ও ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে