শুরুতে একাধিক গণমাধ্যমে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও পরে ছবির টিম জানিয়েছে, আগুন তাদের সেটে লাগেনি
শুরুতে একাধিক গণমাধ্যমে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও পরে ছবির টিম জানিয়েছে, আগুন তাদের সেটে লাগেনি

মুম্বাইয়ে ফিল্ম সিটিতে আগুন, ‘রামায়ণ’-এর সেট নিয়ে যা জানা গেল

মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুটিংয়ের জন্য নির্মিত একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল সোমবার বিকেলের এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বৈদ্যুতিক সরঞ্জামসহ শুটিংয়ের বিভিন্ন উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে একাধিক গণমাধ্যমে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও পরে ছবির টিম জানিয়েছে, আগুন তাদের সেটে লাগেনি।
বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) ও মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থল গোরেগাঁও পূর্বের ফিল্ম সিটিতে রিলায়েন্স মিডিয়াওয়ার্কসের কাছে প্রাইম ফোকাস স্টুডিওর পেছনে। সেখানে নির্মিত একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগে। ঘটনাটিকে ‘লেভেল-ওয়ান’ অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।

ফায়ার ব্রিগেডের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন মূলত অস্থায়ী কাঠামোর একটি পিসিআর বা প্রোডাকশন কন্ট্রোল ইউনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এতে বৈদ্যুতিক তার ও স্থাপনা, কেব্‌ল, দরজা, কাঠের তক্তা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, বাঁশ ও প্লাস্টিকের সামগ্রী, সাউন্ড সিস্টেম এবং শুটিংয়ের কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই ফায়ার ব্রিগেড। তাদের সঙ্গে পুলিশ, বিএমসির ওয়ার্ড কন্ট্রোল বিভাগ এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কেউ আহত হননি।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, স্টুডিওর বাইরে একটি তাঁবুতে আগুন লেগেছিল। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুটিংও আবার শুরু হয়।

‘রামায়ণ’-এর সেট নিয়ে ভিন্ন বক্তব্য অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটির সঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারির আলোচিত ছবি ‘রামায়ণ’-এর নাম জড়িয়ে যায়। প্রথম দিকের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, আগুন লাগা অস্থায়ী সেটটি ছবিটির শুটিংয়ের সঙ্গে যুক্ত।

‘রামায়ণ পার্ট ১’–এর রণবীর কাপুর। আইএমডিবি

তবে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, তারা ‘রামায়ণ’-এর টিমের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেন, অগ্নিকাণ্ডটি ছবির সেটে ঘটেনি। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইম ফোকাস স্টুডিও চত্বরে ‘রামায়ণ’-এর শুটিং চলছিল এবং স্টুডিওর বাইরের একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগে। ফলে ঘটনাস্থল ও ছবিটির শুটিংয়ের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমগুলোর বক্তব্যে পার্থক্য রয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও এখনো জানা যায়নি।

ব্যাহত হয় দুই অনুষ্ঠানের শুটিং একই এলাকায় এমটিভির রিয়েলিটি শো ‘হাসল ৫’ ও ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর শুটিংও চলছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের প্রভাবে অনুষ্ঠান দুটির শুটিং ব্যাহত হয়। কিছু প্রতিবেদনের দাবি, আগুনের সূত্রপাত হয় ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেটে, পরে তা ‘হাসল ৫’-এর সেটের দিকে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর শুটিং চলছিল বলেও কোনো কোনো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের তথ্য এক নয়। দুটি অনুষ্ঠানের সেট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়েও সংশ্লিষ্ট নির্মাতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ভারতীয় চলচ্চিত্রগুলোর একটি। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। হনুমানের ভূমিকায় সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাজা দশরথের ভূমিকায় রয়েছেন অরুণ গোভিল। সম্প্রতি নির্মাতারা ছবির প্রথম কিস্তির নাম ঘোষণা করেছেন ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’। ছবিটি আগামী ৬ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।